রাজ্য

হাওড়া স্টেশনে ধরা পড়লেই বিএসএফের হাতে তুলে দেওয়া হবে অনুপ্রবেশকারীকে ! কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। এবার থেকে হাওড়া স্টেশনে কোনও সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁদের আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে না। সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

পুলিশ কমিশনারকে সরাসরি নির্দেশ

হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনারকে ইতিমধ্যেই এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, হাওড়া স্টেশন দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশকারীদের একটি গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই কারণেই এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুভেন্দু বলেন, “হাওড়া স্টেশনে কেউ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়লে আদালতে পাঠানোর প্রয়োজন নেই। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বনগাঁ সীমান্ত হয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।”

এর আগে বুধবার কেন্দ্রীয় নির্দেশিকা মেনে রাজ্যে ‘পুশব্যাক’ নীতি কার্যকর করার কথাও জানিয়েছিল সরকার। নতুন ব্যবস্থায় পুলিশ ধৃত ব্যক্তিদের বিএসএফের হাতে তুলে দেবে। এরপর বিএসএফ আন্তর্জাতিক নিয়ম মেনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে।

মতুয়া ও উদ্বাস্তুদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ থেকে এ দেশে আসা মতুয়া সম্প্রদায় ও অন্যান্য হিন্দু উদ্বাস্তুদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, সিএএ-র আওতায় থাকা কোনও ব্যক্তিকে দেশছাড়া করা হবে না।

তাঁর কথায়, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু হিন্দুরা আইন মেনেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন।

বৈধ শরণার্থী ও অনুপ্রবেশকারীদের পার্থক্য ব্যাখ্যা

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, সিএএ-র আওতায় থাকা সাতটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যদি ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পুলিশও তাঁদের হেনস্থা করতে পারবে না।

অন্যদিকে, যাঁরা এই আইনের আওতায় পড়েন না, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই বিবেচনা করা হবে। এমন কাউকে আটক করা হলে পুলিশ সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সীমান্তরক্ষী বাহিনী সম্পন্ন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.