কলকাতার পার্ক সার্কাস রেল স্টেশন চত্বরে সোমবার গভীর রাতে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক রেল পুলিশ, আরপিএফ, র্যাফ ও জেলা পুলিশের উপস্থিতিতে স্টেশন সংলগ্ন অবৈধ দোকান, গুমটি ও হকারদের সরিয়ে দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা অভিযানে বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ নির্মাণ।
রেল সূত্রের খবর, চলতি মাসের শুরুতেই সংশ্লিষ্ট ব্যবসায়ী ও হকারদের জায়গা খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ নিরাপত্তা বাহিনী গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলে। অভিযান শুরুর আগে মাইকিং করে রেলের জমি স্বেচ্ছায় খালি করার আহ্বান জানানো হয় এবং দোকান সরিয়ে নেওয়ার জন্য কিছুটা সময়ও দেওয়া হয়। কিন্তু অধিকাংশ দোকান না সরানোয় শেষ পর্যন্ত বুলডোজার নামানো হয়।
দীর্ঘদিন ধরেই পার্ক সার্কাস স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারির অভিযোগ ছিল। যাত্রীদের দাবি, দোকান ও হকারদের কারণে প্রতিদিন স্টেশনে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হত। অতীতে একাধিকবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেশনে অবাধ চলাচল ফিরিয়ে আনা এবং রেলের জমি দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ, দমদম, হাবরা ও যাদবপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে একই ধরনের অভিযান হয়েছে। সেই ধারাবাহিকতাতেই এবার পার্ক সার্কাস স্টেশনেও উচ্ছেদ অভিযান চালানো হল।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই বহু বছরের ব্যবসা এক রাতের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে। ফলে বহু পরিবারের জীবিকা এখন অনিশ্চয়তার মুখে। তবে প্রশাসনের ইঙ্গিত, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন রেল স্টেশন ও রেল সংলগ্ন এলাকায় দখলমুক্ত করার অভিযান একইভাবে জারি থাকবে।







