রাজনীতি

OBC বিলে ভোটাভুটির সময় ঋতব্রত শিবিরে বিভ্রান্তি, জল্পনায় নতুন রাজনৈতিক সমীকরণ

OBC বিলের সংশোধনী ঘিরে বিধানসভার ভোটাভুটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বিভ্রান্তির ছবি সামনে এল। অধিকাংশ বিধায়ক ওয়াক-আউট করলেও কয়েকজনকে অধিবেশন কক্ষেই থেকে যেতে দেখা যায়। সোমবার বিলটি পাশ হওয়ার সময় বিধানসভায় একাধিক নাটকীয় ঘটনার সৃষ্টি হয়।

বিলের উপর ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ঋতব্রত শিবিরের প্রায় সব বিধায়কই কক্ষ ত্যাগ করতে উদ্যত হন। তবে সেই সময় ভোটাভুটির নিয়ম মেনে অধিবেশন কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হওয়ায় শিউলি সাহা, সন্দীপন সাহাসহ কয়েকজন বাইরে বেরোতে পারেননি।

পরে পরিষদীয় মন্ত্রীর হস্তক্ষেপে দরজা খুলে দেওয়া হলেও দেখা যায়, তৃণমূল কংগ্রেসের মোসারফ হোসেন, বাহারুল ইসলাম, কাজল শেখ, বায়রন বিশ্বাস, পান্নালাল হালদার এবং মুরারইয়ের মুসারফ হোসেন—যাঁরা সকলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত—তাঁরা অধিবেশন কক্ষেই থেকে যান। সেই সময় কুণাল ঘোষকে তাঁদের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনারা বেরোবেন না, আপনারা এটাই ঠিক করেছেন।” এরপর বাহারুল ইসলাম, কাজল শেখ ও বায়রন বিশ্বাসকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতেও দেখা যায়।

অন্যদিকে, তৃণমূলের কালীঘাট শিবিরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়ও অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিধায়কেরা কি শুধুমাত্র দরজা বন্ধ থাকায় বেরোতে পারেননি, নাকি দরজা খোলার পরও ইচ্ছাকৃতভাবে ভিতরেই থেকে গিয়েছিলেন? ফলে ঋতব্রত শিবিরে ভাঙনের ইঙ্গিত মিলছে কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।

শেষ পর্যন্ত OBC সংশোধনী বিলের পক্ষে ১৮৬টি ভোট এবং বিপক্ষে ১৭টি ভোট পড়ে। এছাড়া ৬ জন বিধায়ক ভোটদানে অংশ নেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.