তারাতলার গোডাউন বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। একদিকে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি তুলে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ‘দোয়াত-কলম’ রূপক ব্যবহার করে নিজের দলেরই এক প্রাক্তন সহকর্মীকে পরোক্ষে নিশানা করেছিলেন। অন্যদিকে সোমবার বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সেই রূপকের ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এই দুর্নীতিতে ফিরহাদ হাকিম যদি ‘কলম’ হয়ে থাকেন, তবে সেই কালির ‘দোয়াত’ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিতর্কের সূত্রপাত ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ এবং তাঁর প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর। তোলাবাজি, দুর্নীতি এবং তারাতলার গোডাউন বিপর্যয়ের সঙ্গে যুক্ত বেআইনি অনুমোদনের অভিযোগে কালীচরণের নাম সামনে আসে। এরপরই সংবাদমাধ্যমের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “শুধু কালীকে ধরলে হবে না। আসল দোয়াত কোথায়, আর যে কলম দিয়ে সই হয়েছে, সে কোথায়? কালি তো নিজে নিজে থাকে না।” রাজনৈতিক মহলে এই মন্তব্যকে ফিরহাদ হাকিমের দিকেই ইঙ্গিত বলে মনে করা হয়।
সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিল নিয়ে আলোচনার সময় কল্যাণের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা পুরসভার বেআইনি কাজের ক্ষেত্রে কালীচরণের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর অভিযোগ, তারাতলার যে গোডাউনটি ভেঙে পড়ে, সেটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মিত হয়েছিল এবং সেই অনুমোদনের নথিতে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে।
এরপরই মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, “তৃণমূলের একজন নেতা প্রশ্ন তুলেছেন, কালীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু দোয়াত আর কলমের কী হবে? আমি বলছি, ফিরহাদ হাকিম যদি কলম হন, তাহলে সেই দোয়াত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মদত ছাড়া এসব সম্ভব ছিল না।”
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ভবিষ্যতে আইনি পদক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তদন্তে যদি তাঁর বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না।
উল্লেখ্য, তারাতলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষও মন্তব্য করেছিলেন, বেআইনি নির্মাণ বা অবৈধ প্ল্যান অনুমোদনের অভিযোগ সত্য প্রমাণিত হলে, সেখানে যাঁদের ভূমিকা রয়েছে তাঁদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, যদি প্রাক্তন মেয়রের দায় প্রমাণিত হয়, তবে তাঁকেও গ্রেফতার করা হোক। তবে অভিযোগ প্রমাণিত না হলে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নাম টানা উচিত নয়। কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেওয়া বক্তব্যকে সমর্থন করেন। গত শনিবার একই ধরনের অবস্থান নিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।







