দেশ

২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্যে সচিবদের বার্তা মোদীর, জোর ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ ও সমন্বিত প্রশাসনে

নয়াদিল্লির ‘সেবা তীর্থ’-এ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সচিবদের নিয়ে প্রায় চার ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের মূল লক্ষ্য ছিল ‘ইজ অফ ডুয়িং বিজনেস’, ‘ইজ অফ লিভিং’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর কর্মসূচিকে আরও কার্যকর করে তোলা। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার রোডম্যাপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সচিবরা তাঁদের দফতরের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, স্বাধীনতার ১০০ বছর পূর্তির মধ্যে উন্নত ভারতের লক্ষ্য পূরণে প্রশাসনের প্রতিটি স্তরকে আরও দ্রুত, দক্ষ এবং ফলপ্রসূভাবে কাজ করতে হবে। বিশেষ করে নাগরিক পরিষেবা প্রদান ও সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনও ধরনের গাফিলতি বা অযথা বিলম্ব যেন না হয়, সে বিষয়ে তিনি সচিবদের সতর্ক করেন।

প্রধানমন্ত্রী বৈঠকে ‘হোল-অফ-গভর্নমেন্ট’ বা সমন্বিত প্রশাসনিক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে, বিভিন্ন মন্ত্রক ও বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে একসঙ্গে কাজ করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত পরিকল্পনার জন্য ‘পিএম গতিশক্তি’ প্ল্যাটফর্মের আরও বিস্তৃত ব্যবহারের আহ্বানও জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সাফল্য কেবল বাস্তবায়নের পরিসংখ্যান দিয়ে বিচার করলে চলবে না। সাধারণ মানুষের জীবনযাত্রায় সেই প্রকল্পের প্রকৃত ইতিবাচক প্রভাব কতটা পড়ছে, সেটিই হবে মূল্যায়নের অন্যতম প্রধান মানদণ্ড। সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে আরও জনমুখী ও ফলপ্রসূ করে তুলতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.