সকাল থেকেই বদলে গিয়েছে আবহাওয়ার মেজাজ। আকাশের মুখ ভার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়-বৃষ্টির প্রভাব রবিবার থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বলে অনুমান।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সক্রিয়তা। উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশায় জলীয় বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখার অবস্থানও বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করেছে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে বলে পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ফলে সেখানে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ায় এখনও তাপপ্রবাহের পরিস্থিতি সম্পূর্ণভাবে কাটেনি। ফলে একদিকে বৃষ্টি, অন্যদিকে গরম—এই দুই বিপরীত আবহাওয়ার প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, প্রথম দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, পরবর্তী কয়েকদিনে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে গরমের অস্বস্তি কিছুটা কমলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।







