হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার নিয়ে উদ্বেগ প্রকাশের পর এবার টেলিগ্রাম ও সিগনালকেও নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকার। দুই মেসেজিং প্ল্যাটফর্মকে তাদের ইউজারনেম-ভিত্তিক পরিষেবার নিরাপত্তা ব্যবস্থা, পরিচয় যাচাই প্রক্রিয়া এবং ব্যবহারকারীদের সুরক্ষায় নেওয়া পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের আশঙ্কা, ফোন নম্বর গোপন রেখে যোগাযোগের সুবিধা অপরাধীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে পরিচয় ভাঁড়িয়ে প্রতারণা (ইম্পার্সনেশন), অনলাইন জালিয়াতি এবং ভুয়ো ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো সাইবার অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কাই প্রশাসনের প্রধান উদ্বেগ। টেলিগ্রামে এই ইউজারনেম ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে, আর সিগনালে এটি ঐচ্ছিক ফিচার হিসেবে ব্যবহার করা যায়।
এই কড়া অবস্থানের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দেশীয় প্রযুক্তি সংস্থাগুলিতেও। জোহো-র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী শ্রীধর ভেম্বু জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে তাঁদের মেসেজিং অ্যাপ ‘আরাত্তাই’-এ ইউজারনেম-ভিত্তিক অ্যাকাউন্ট তৈরির সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেই কেন্দ্র হোয়াটসঅ্যাপকে তিন দিনের মধ্যে ইউজারনেম ফিচার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি স্পষ্ট জানানো হয়, সরকারের সঙ্গে আলোচনা ও পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত ভারতে এই ফিচার চালু করা যাবে না। মেটার জবাব খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
এদিকে হোয়াটসঅ্যাপের দাবি, সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে ইতিমধ্যেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। সংস্থার বক্তব্য, সেলিব্রিটি, সরকারি আধিকারিক ও পরিচিত ব্যক্তিদের নামে ইউজারনেম সংরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি ইউজারনেম অনুমান করে খুঁজে বের করা বা নতুন অ্যাকাউন্ট থেকে একসঙ্গে বহুজনকে বার্তা পাঠানোর মতো অপব্যবহার রুখতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে।







