জেলা

সাত সকালে নবদ্বীপে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, মানি লন্ডারিং তদন্তে তল্লাশি

নদিয়া: ভোরের আলো ফোটার আগেই নদিয়ার নবদ্বীপে শুরু হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র অভিযান। শুক্রবার সকালে নবদ্বীপের মণিপুর এলাকার এক সুপারি ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানি লন্ডারিং সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান।

সূত্রের খবর, সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে ভোর প্রায় ৫টা নাগাদ পাঁচটি গাড়িতে করে পৌঁছন ইডি আধিকারিকরা। অভিযানে ছিল ইডির দুটি পৃথক তদন্তকারী দল। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ব্যাঙ্কের প্রতিনিধিরাও। বাড়ি ও ব্যবসায়িক নথিপত্র খতিয়ে দেখতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হচ্ছে।

অশোক অধিকারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মানি লন্ডারিং মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চলছে। যদিও ইডির তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোক অধিকারী নবদ্বীপের পরিচিত সুপারি ব্যবসায়ী। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম ও ত্রিপুরাতেও তাঁর ব্যবসা বিস্তৃত রয়েছে। বিশেষ করে গুয়াহাটি-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায় তাঁর ব্যবসায়িক লেনদেন রয়েছে বলে তদন্তকারী সংস্থার প্রাথমিক তথ্য।

তল্লাশির সময় গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতও নিয়ন্ত্রিত করা হয়েছে। তদন্তকারীরা বাড়ির বিভিন্ন কক্ষ, অফিসঘর ও গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করছেন। প্রয়োজনীয় নথি ও ডিজিটাল তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর।

এই অভিযান ঘিরে নবদ্বীপে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত এখনও চলছে। তল্লাশি শেষে ইডি কী তথ্য পায় এবং এই মামলায় নতুন কোনও আর্থিক অনিয়মের সূত্র সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.