দেশের সংগঠিত ক্ষেত্রের কোটি কোটি চাকুরিজীবীর জন্য প্রভিডেন্ট ফান্ড (EPF) ব্যবস্থায় বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন Employees’ Provident Funds Scheme, 2026 অনুযায়ী, এবার থেকে মাসিক ১৫,০০০ টাকার বেশি বেসিক বেতনের অংশের উপর অতিরিক্ত ইপিএফ (EPF) অবদান আর বাধ্যতামূলক থাকবে না। কর্মী ও নিয়োগকর্তার পারস্পরিক সম্মতির ভিত্তিতেই সেই অতিরিক্ত অবদান জমা হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী কর্মী ও সংস্থা উভয়কেই বেসিক বেতনের ১২ শতাংশ করে ইপিএফে জমা দিতে হয়। নতুন ব্যবস্থায় বাধ্যতামূলক অবদান ১৫,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অর্থাৎ, সর্বোচ্চ বাধ্যতামূলক মাসিক জমা হবে কর্মীর পক্ষ থেকে ১,৮০০ টাকা এবং সংস্থার পক্ষ থেকেও ১,৮০০ টাকা। এর বেশি বেতনের ক্ষেত্রে অতিরিক্ত পিএফ কাটা হবে কি না, তা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী।
উদাহরণ হিসেবে, কোনও কর্মীর বেসিক বেতন যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে আগে পুরো টাকার উপর ১২ শতাংশ হারে পিএফ কাটা হতো। এখন সংস্থা চাইলে কেবল বাধ্যতামূলক সীমা পর্যন্তই অবদান রাখতে পারে, অথবা কর্মীর সম্মতিতে আগের মতোই বেশি টাকা জমা দিতে পারে।
তবে ১৫,০০০ টাকার বেতনসীমায় কোনও পরিবর্তন হয়নি। একই সঙ্গে Employees’ Pension Scheme (EPS)-এ বিদ্যমান নিয়ম অনুযায়ী অতিরিক্ত অবদান রাখার সুযোগও বহাল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে কর্মীদের হাতে মাসিক বেতন কিছুটা বাড়তে পারে, কারণ পিএফে কম টাকা কাটা হবে। তবে দীর্ঘমেয়াদে অবসরকালীন সঞ্চয় কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে বেশি বেতনের চাকুরিজীবীদের ক্ষেত্রে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা এবং বর্তমান নগদ আয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।







