হুগলির ধনিয়াখালীতে নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় দোষী সাব্যস্ত গৃহশিক্ষককে ৩ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০১৮ সালের ৭ জুন। ধনিয়াখালী থানার মুইদিপুর এলাকার এক দশম শ্রেণির ছাত্রী প্রতিদিনের মতো গৃহশিক্ষক তনয় সিংহের কাছে টিউশন পড়তে যায়। অভিযোগ, পড়া শেষ হওয়ার পর অন্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে ওই নাবালিকাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখেন অভিযুক্ত। কারণ জানতে চাইলে তিনি নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করেন। কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনার কথা জানায় ওই ছাত্রী।
এরপর ১১ জুন নাবালিকার বাবা মানিক ওরাং ধনিয়াখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন সাব-ইন্সপেক্টর স্বর্ণেন্দু রায়। তদন্ত চলাকালীন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
সম্প্রতি মামলার শুনানি শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছে। এই রায়কে নাবালিকাদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পুলিশ।







