রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের মাত্র দুই মাসের মধ্যেই শিল্প বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক বার্তা সামনে আসতে শুরু করেছে। নিউ টাউনে প্রস্তাবিত ‘আদানি হেল্থ সিটি’ প্রকল্পের পর এবার আরও ২,১০০ কোটি টাকার দুটি বড় শিল্প বিনিয়োগের সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি জানান, খুব শীঘ্রই ৬০০ কোটি টাকার একটি হোসিয়ারি শিল্প এবং প্রায় ১,৫০০ কোটি টাকার একটি আধুনিক ইস্পাত কারখানার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সরকারের আশা।
মুখ্যমন্ত্রী জানান, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে ইতিমধ্যেই একটি বিশেষ ক্যাবিনেট সাব-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নতুন শিল্প নীতি তৈরির কাজ করছে। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরেই নতুন সরকারের প্রথম শিল্প সম্মেলনে সেই নীতির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে।
আলোচনায় সিঙ্গুর ও টাটা প্রসঙ্গও উঠে আসে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সিঙ্গুরের কৃষকদের একাংশ শিল্পের জন্য জমি দিতে আগ্রহী। যদিও টাটাকে সিঙ্গুরে জমি দেওয়ার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পশ্চিমবঙ্গে একটি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর ইউনিট এবং ডেটা সেন্টার গড়ার প্রস্তাব দিতে আগ্রহী। এ বিষয়ে শীঘ্রই টাটা গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, টাটা গোষ্ঠী বর্তমানে অসমে প্রায় ২৭,১২০ কোটি টাকা বিনিয়োগে একটি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্ট (OSAT) প্রকল্প তৈরি করছে। একই ধরনের উচ্চপ্রযুক্তির বিনিয়োগ পশ্চিমবঙ্গে আনতে সরকার উদ্যোগী বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পর্যবেক্ষকদের মতে, স্বাস্থ্য, টেক্সটাইল ও ভারী শিল্প—এই তিন ক্ষেত্রে সম্ভাব্য বৃহৎ বিনিয়োগের বার্তা রাজ্যে নতুন শিল্পায়নের সূচনার ইঙ্গিত দিচ্ছে। যদিও প্রকল্পগুলির আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়নের পরই বিনিয়োগের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।







