রাজনীতি

বসিরহাটে কংগ্রেসের গণ-ডেপুটেশন, তৃণমূল ছেড়ে শতাধিক কর্মীর যোগদানের দাবি

বসিরহাট মহকুমায় একাধিক দাবিকে সামনে রেখে এসডিও অফিসে গণ-ডেপুটেশন কর্মসূচি পালন করল জাতীয় কংগ্রেস। শনিবার বসিরহাট টাউন হল থেকে কয়েকশো কর্মী-সমর্থককে নিয়ে পদযাত্রা করে এসডিও অফিসে পৌঁছন কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে নিমদাঁড়িয়া, কোদালিয়া ও পিফা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় সাতশোরও বেশি কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়।

ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের এসসি সেলের চেয়ারপার্সন বিশ্বজিৎ রায়, জেলা গ্রামীণ সভাপতি শিবমাল্য বসু, বসিরহাট শহর সভাপতি আবু ইসহাক গাজী (বাবু গাজী) সহ অন্যান্য নেতৃত্ব।

কংগ্রেসের দাবি, মহকুমা জুড়ে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অবিলম্বে ব্লক স্তরে বিশেষ উদ্যোগ নিয়ে সেই ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বসিরহাট পৌরসভা ও বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

কংগ্রেস নেতা আবু ইসহাক গাজীর অভিযোগ, বসিরহাট পৌরসভায় বিপুল পরিমাণ সরকারি অর্থের অনিয়ম হয়েছে। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েতে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ তছরুপের অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

এদিকে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী বলে দাবি করা রেজাউল মণ্ডল বলেন, গত ১৫ বছর তাঁরা স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেননি এবং নানা ধরনের হুমকির মুখে ছিলেন। সরকার পরিবর্তনের পর তাঁরা স্বস্তি ফিরে পেয়েছেন বলেই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর দাবি।

যদিও কংগ্রেসের তোলা অভিযোগ ও যোগদানের দাবির বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.