কলকাতা

আর জি কর কান্ডে দেশজুড়ে সংহতি, কর্মবিরতি, বিক্ষোভ, কালো ব্যাজ পরে মৌন আন্দোলন ডাক্তারদের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে ডাক্তাররা প্রতিবাদ-কর্মবিরতিতে শামিল হলেন। নৃশংস এই ঘটনায় নির্যাতিতা ও আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রদর্শন করতে এদিন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের বহু হাসপাতালের ডাক্তার-নার্স ও মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা প্রতিবাদে নেমেছেন।

পাঞ্জাবের অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন হাসপাতালে জরুরি পরিষেবা বাদে সব পরিষেবা বন্ধ করে দিয়েছেন। বহির্বিভাগ, ওটি এবং ওয়ার্ড ভিজিট বন্ধ রয়েছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। অমৃতসরেরই গুরু নানকদেব হাসপাতালেও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে, সুদূর কেরলের মেডিক্যাল পোস্ট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন, শ্রীচিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, রিজিওনাল ক্যানসার সেন্টার, ডেন্টাল পিজি অ্যাসোসিয়েশন, হাউস সার্জনস অ্যাসোসিয়েশন ও বিভিন্ন মেডিক্যাল কলেজের ছাত্র সংগঠনগুলি সম্মিলিতভাবে রাজ্যে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে।

মুম্বইয়ের নায়ার হাসপাতালের আন্ডারে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল, ডেন্টাল ও প্যারা মেডিক্যাল ছাত্ররা মৌন প্রতিবাদে শামিল হয়েছেন।

হাসপাতালের ভিতরে তাঁরা সরকারি হাসপাতালে নিরাপত্তার দাবিতে মৌন বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের জেরে হাসপাতালের বহির্বিভাগের কাজ পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। অন্যদিকে, তামিলনাড়ুর ত্রিচিতে মহাত্মা গান্ধী মেমোরিয়াল সরকারি হাসপাতালে ডাক্তাররা প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন কালো ব্যাজ পরে।

ত্রিচি ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে ডঃ অরুলিশ্বরন বলেন, আর জি কর হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের নিন্দা করি আমরা। আমাদের দাবি, দেশের সর্বত্র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরাও আজ সেই প্রতিবাদে শামিল হয়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা হোক। চিকিৎসা কর্মীদের অবশ্যই দ্বিস্তরীয় নিরাপত্তা দেওয়া উচিত। রাজধানী দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারাও এদিন বিক্ষোভ আন্দোলন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.