রাজনীতি

বারুইপুরে বিক্ষোভের মুখে সায়নী-ঋতব্রতরা, ‘মন শান্ত হল’ মন্তব্য কালীঘাট শিবিরের

বারুইপুরের নির্যাতিত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের শীর্ষ নেতাদের। দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুরে পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে ওঠে ‘চোর-চোর’, ‘গদ্দার’সহ একাধিক কটূক্তিমূলক স্লোগান। ঘটনার তিন দিন পর কেন তাঁরা এলেন, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই বিক্ষোভের মুখে পড়েন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও। অন্যদিকে, এই ঘটনার জেরে বিদ্রোহী শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছে কালীঘাট শিবির।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অন্দরের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এনডিএ-সমর্থিত বিদ্রোহী তৃণমূলের প্রতিনিধি দলে এদিন ছিলেন সাংসদ সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শিউলি সাহা এবং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে বিদ্রোহী দলে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

ঋতব্রতদের ঘিরে উত্তেজনা, ‘চোর’ স্লোগানে সরব জনতা

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি সূর্যপুরে পৌঁছতেই গ্রামবাসীদের একাংশ তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। ঋতব্রতকে উদ্দেশ করে ‘বালিশচাটা’, ‘চোর-চোর’সহ নানা স্লোগান ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিধায়ক শিউলি সাহা উপস্থিত জনতাকে শান্ত করার চেষ্টা করে বলেন, “আমরা তো আলাদা। এভাবে আমাদের আটকাতে পারেন না। আমরাও চাই দোষীদের কঠোর শাস্তি হোক।” প্রথমে পুলিশ তাঁদের এগোতে বাধা দিলেও পরে অনুমতি মেলায় প্রতিনিধি দলটি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে।

সায়নী ঘোষকেও ঘিরে ক্ষোভ, উঠল ‘গদ্দার’ স্লোগান

স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও। তাঁকে দেখেই একাংশ বিক্ষোভকারী ‘গদ্দার’ বলে স্লোগান দিতে শুরু করেন। এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, “ঘটনার তিন দিন পর সাংসদের এখানে আসার মানে কী? এতদিন তিনি কোথায় ছিলেন?” একইসঙ্গে তাঁর দাবি, “লোকসভা নির্বাচনের সময় অন্যদের গদ্দার বলতেন, আজ নিজেই দল বদলেছেন। তাহলে এখন এখানে কেন এসেছেন?”

বিদ্রোহীদের কটাক্ষ কালীঘাট শিবিরের

বিদ্রোহী নেতাদের এই বিক্ষোভের মুখে পড়ার ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি কালীঘাট শিবিরও। শোভনদেব চট্টোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়দের বক্তব্য, “আজ মানুষের রায় স্পষ্ট। যারা দলের সঙ্গে, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, মানুষ তাদের জবাব দিয়েছে।” তাঁদের আরও দাবি, “ক্ষমতা চলে যেতেই যারা দল ছেড়েছে, মানুষের কাছে সেই বিশ্বাসঘাতকতা গ্রহণযোগ্য হয়নি।”

মমতার ‘গৃহবন্দি’ অভিযোগ, আজ ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু

বারুইপুরের এই ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজ্যের রাজনীতিতে তীব্র চাপানউতোর চলছে। রবিবার নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পুলিশ তাঁর কালীঘাটের বাড়ি ঘিরে রেখে তাঁকে কার্যত গৃহবন্দি করে রেখেছিল বলে ফেসবুক লাইভে অভিযোগ করেন তিনি। যদিও তিনি যেতে পারেননি, সোমবার কালীঘাট শিবিরের প্রতিনিধি হিসেবে দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। এদিকে মঙ্গলবার বারুইপুরে পৌঁছে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.