রাজ্য

মমতা সরকারের ১৫ বছরের শাসন নিয়ে শ্বেতপত্র তৈরির পথে শুভেন্দু সরকার, আজ নবান্নে মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক

তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে এবার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। বিজেপি দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে। সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পূর্বতন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যকলাপ খতিয়ে দেখে তথ্যভিত্তিক শ্বেতপত্র প্রকাশ করা হবে।

এই লক্ষ্যেই বৃহস্পতিবার নবান্নে বসতে চলেছে মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক। চলতি মাসে ক্যাবিনেট বৈঠকে এই বিশেষ মন্ত্রিসভার সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সদস্য হিসেবে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায় এবং দিলীপ ঘোষ। প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রের প্রাক্তন সরকারের ‘গ্রুপ অফ মিনিস্টার্স’-এর ধাঁচে এই কমিটি তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, আগামীকাল সকাল ১১টায় অর্থমন্ত্রীর চেম্বারে বৈঠকে শ্বেতপত্র তৈরির প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হবে। কোন কোন দফতর থেকে তথ্য সংগ্রহ করা হবে, কীভাবে সরকারি নথি বিশ্লেষণ করা হবে এবং কোন কোন বিষয়কে শ্বেতপত্রে অন্তর্ভুক্ত করা হবে—তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকের পর একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে। অনুমোদনের পরই প্রকাশ করা হবে চূড়ান্ত শ্বেতপত্র।

সরকারের দাবি, প্রশাসনিক অব্যবস্থা, আর্থিক অনিয়ম, নীতিগত সিদ্ধান্তের প্রভাব এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের তথ্য জনগণের সামনে তুলে ধরাই এই শ্বেতপত্রের উদ্দেশ্য।

রাজনৈতিক মহলের মতে, শ্বেতপত্র শুধু প্রশাসনিক দলিল নয়, বরং ভারতীয় রাজনীতিতে এটি বহু সময় বিরোধী সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। নতুন সরকারগুলি প্রায়ই পূর্ববর্তী সরকারের কার্যকলাপের হিসাব তুলে ধরতে এই পদ্ধতি গ্রহণ করে।

এদিকে, শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার জানিয়েছে। ফলে এই শ্বেতপত্র প্রকাশকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলের নজর এখন নবান্নের এই বৈঠকের দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.