একের পর এক দুর্নীতির অভিযোগ। ভুয়ো সংস্থার নামে বেআইনি লেনদেন, সংস্থা থেকে ঋণ নিয়ে তা শোধ না-করা, কিছু মাসের মধ্যে কোটি টাকা ব্যাংকে জমা করা, এহেন একাধিক অভিযোগকে প্রকাশ্যে এনে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি।
ইডি সূত্র মাফিক, হাওড়ার ব্যাঁটরায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া মেরুন রঙের ডায়েরিতে বিপুল পরিমাণ টাকার লেনদেনের হিসাব বর্তমান। এখানেই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। যাঁরা বেসরকারি সংস্থার মাধ্যমে টাকা লেনদেন করেছেন, সেই ডায়েরিতে রয়েছে তাঁদের নামের তালিকাও।
আদালতে ইডির দাবি, বৃহস্পতিবার মন্ত্রীর বাড়িতে তল্লাশির সময়ে জ্যোতিপ্রিয়র স্ত্রী এবং মেয়ের বয়ানও রেকর্ড করা হয়েছে। সেখানে তাঁরা প্রথম ওই তিন সংস্থার সঙ্গে তাঁদের কোনওপ্রকার যোগাযোগের কথা স্বীকার করতে চাননি। তল্লাশিতে মন্ত্রীর বাড়ি থেকে সংশ্লিষ্ট তিন সংস্থার স্ট্যাম্প উদ্ধার হলে তাঁদের মন্তব্য ছিল, অভিজিৎ দে-র নির্দেশেই ওই তিনটি সংস্থার নথিতে তাঁরা সই করেছেন।







