‘যেটা আশঙ্কা করা যাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এদের হত্যা করাও হতে পারে।’ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার ভোর থেকে সল্টলেকে জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি শুরু হয়। সেই বিষয়ের প্রেক্ষিতে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উবাচ, ‘জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে, যদি মারা যান তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব। নাম বলানোর জন্য অত্যাচার করছে কেন্দ্রীয় এজেন্সি।’ এবার পালটা বিস্ফোরক মন্তব্যে সামিল দিলীপ ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, ইডি সূত্র মাফিক, হাওড়ার ব্যাঁটরায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া মেরুন রঙের ডায়েরিতে বিপুল পরিমাণ টাকার লেনদেনের হিসাব বর্তমান। এখানেই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। যাঁরা বেসরকারি সংস্থার মাধ্যমে টাকা লেনদেন করেছেন, সেই ডায়েরিতে রয়েছে তাঁদের নামের তালিকাও।







