বকেয়া ডিএ প্রদান-সহ একাধিক দাবিতে আগামী ১৩ই মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল শিক্ষক ও সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। ABTA-সহ মোট ৮টি শিক্ষক সংগঠন ও ৫৬টি বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন যৌথভাবে এই কর্মসূচির ঘোষণা করেছে। ধর্মঘটের প্রভাব পড়তে পারে রাজ্যের স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি দফতরে।
আহ্বায়ক সংগঠনগুলির দাবি, ডিএ কর্মচারীদের একটি অধিকার। পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ প্রদানের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আদালতের নির্ধারিত সময়সীমা মেনে সেই বকেয়া মেটাতে হলে রাজ্য সরকারকে প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার কথা ছিল বলে অভিযোগ সংগঠনগুলির। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে স্পষ্ট কোনও পদক্ষেপ দেখা যায়নি বলেই দাবি তাঁদের। পাশাপাশি সংগঠনগুলির আরও বক্তব্য, সংবিধানের ১৪, ১৬ ও ৩৯(ডি) ধারায় সমকাজে সমবেতনের নীতি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবু সেই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকার পিছিয়ে রয়েছে বলে অভিযোগ। এমনকি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহু অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী দীর্ঘদিন ধরে কাজ করলেও তাঁদের স্থায়ীকরণে উদ্যোগ নেই বলেও দাবি তোলা হয়েছে।
এছাড়াও পার্শ্বশিক্ষকদের নিয়মিতকরণ, ২০১৬ সালের যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বহাল, স্নাতক শিক্ষকদের পে-স্কেল ১৪-র আওতায় আনা এবং শিক্ষাকর্মীদের জন্য আলাদা পে-স্কেল চালুর দাবিও তুলে ধরেছে সংগঠনগুলি। মঙ্গলবার সল্টলেকের সিটি সেন্টার থেকে ইন্দিরা ভবন পর্যন্ত মিছিল করে আন্দোলনকারীরা। পরবর্তীতে একটি অস্থায়ী মঞ্চে সভা অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের তরফে ৬ সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে হলফনামা জমা দেয়। সংগঠনগুলির দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই দাবিগুলি দ্রুত মেনে নেওয়া উচিত। সেই লক্ষ্যেই ১৩ই মার্চের ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়েছে।







