কেন্দ্র

শিশুদের স্মার্টফোন ব্যবহারে নজর, আশাকর্মীদের সমীক্ষার নির্দেশ কেন্দ্রের

শিশুদের মধ্যে ক্রমবর্ধমান স্মার্টফোন নির্ভরতা রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে নিয়মিত স্বাস্থ্য সমীক্ষার পাশাপাশি শিশুদের মোবাইল ব্যবহারের অভ্যাস সম্পর্কেও তথ্য সংগ্রহ করবেন আশাকর্মীরা। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও অল্প বয়সিদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের হার দ্রুত বাড়ছে বলে মনে করছে কেন্দ্র। সেই কারণেই প্রাথমিক পর্যায়ে ঝুঁকি চিহ্নিত করতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

এতদিন মূলত গর্ভবতী মহিলা, প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যপরিস্থিতির উপর নজর রাখাই ছিল আশাকর্মীদের অন্যতম দায়িত্ব। নতুন নির্দেশ অনুযায়ী, বাড়ি পরিদর্শনের সময় তাঁরা শিশুদের মোবাইল ব্যবহারের সময়সীমা, আচরণগত পরিবর্তন এবং অতিরিক্ত স্ক্রিন টাইমের সম্ভাব্য প্রভাব সম্পর্কেও তথ্য নথিভুক্ত করবেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরাধনা পট্টনায়ক সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, বর্তমানে অনেক অভিভাবক সন্তানকে ব্যস্ত রাখতে খুব অল্প বয়স থেকেই স্মার্টফোনের উপর নির্ভর করছেন। কিন্তু দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব পড়তে পারে। মনোযোগের ঘাটতি, ভাষা শেখায় দেরি, চোখের সমস্যা এবং আচরণগত পরিবর্তনের মতো একাধিক ঝুঁকির কথাও তিনি উল্লেখ করেন।

এই উদ্যোগের অংশ হিসেবে আশাকর্মীদের সমীক্ষায় যুক্ত হয়েছে নতুন CBAT ফর্ম। সেখানে শিশুর দৈনিক মোবাইল ব্যবহারের সময়, স্ক্রিনের প্রতি নির্ভরতার মাত্রা এবং তার আচরণে কোনও পরিবর্তন হয়েছে কি না— এমন একাধিক প্রশ্ন রাখা হয়েছে। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই নতুন দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই আশাকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ মডিউলেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু সচেতনতা নয়, নিয়মিত পর্যবেক্ষণ ও সময়মতো পরামর্শই শিশুদের ডিজিটাল আসক্তির ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.