বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে শনিবার এলাকায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনশৃঙ্খলা আরও জোরদার করতে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তাঁর পরিবারের হাতে।
মুখ্যমন্ত্রী প্রথমে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পুনরায় জানান, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ নির্দোষ ছিলেন এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিহতের দাদার হাতে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগপত্র তুলে দিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এরপর সূর্যপুরে নবনির্মিত পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কয়েক দিন আগেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এসে স্থানীয়দের দাবি শুনে তিনি এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই ঘোষণার অল্প সময়ের মধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ ফাঁড়ি নির্মাণের কাজ শেষ করে। নতুন ফাঁড়ি চালু হওয়ায় এখন থেকে অভিযোগ জানাতে বা জরুরি প্রয়োজনে আর দূরের থানায় ছুটতে হবে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিন মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। অপরাধীদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে জোরদার হয়েছে পুলিশের অভিযান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পাঁচজনকে গ্রেফতারের পর গভীর রাতে আরও তিনজনকে আটক করা হয়েছে। বারুইপুর জেলা পুলিশ, বিশেষ টাস্ক ফোর্স এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। পাশাপাশি নিরাপত্তা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের একাধিক পদক্ষেপের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফর বারুইপুরের ঘটনাকে ঘিরে নতুন তাৎপর্য তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।







