অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিরাপত্তা কক্ষ গেরুয়া রঙে রাঙানো এবং সেখানে ভারত মাতার প্রতিকৃতি রাখা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পী মহলের একাংশ প্রশ্ন তুলেছেন, সংস্কৃতির পরিসরে রাজনৈতিক রঙ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না। বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছেও অভিযোগপত্র পৌঁছয়।
অভিযোগ সামনে আসতেই স্পষ্ট অবস্থান নিলেন শমীক ভট্টাচার্য। তিনি জানান, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে কোনও ধরনের রাজনৈতিক দখলদারির পক্ষে বিজেপি নয়। তাঁর দাবি, দলের কিছু ‘অতি উৎসাহী’ কর্মী এমন কাজ করে থাকলে দল তা মেনে নেবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে রসিকতার সুরে শমীক বলেন, “ডিম আমাদের মাথায় পড়বে। আমার বয়স হয়েছে, চুলও পাতলা হয়ে গেছে। ডিম খেতে আমি রাজি নই।” তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ, তার সেই কাজই করা উচিত। অতীতে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও, সেই ভুল শুধরে দেওয়ার নাম করে নতুন করে একই ধরনের বিতর্ক তৈরি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, পরিবর্তনের বার্তা নিয়েই বিজেপি এসেছে, তাই এমন কোনও পদক্ষেপ করা হবে না যাতে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়।
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে ঘিরে এই বিতর্কে শমীকের মন্তব্য রাজনৈতিক চাপানউতোরে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর সতর্কবার্তা স্পষ্ট করে দিয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে কোনও বিতর্কিত পদক্ষেপকে বিজেপির শীর্ষ নেতৃত্ব সমর্থন করছে না।







