বিদেশ

বেকারত্বের আগুনে উত্তপ্ত নেপাল, বালেন শাহ সরকারের বিরুদ্ধে বাড়ছে যুবদের ক্ষোভ

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে হতাশার জেরে ফের অশান্ত নেপাল। গত তিন দিনে তিন তরুণ আত্মাহুতির চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে, অন্য একজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বালেন শাহের সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়েছে।

কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। বিরোধী দল নেপালি কংগ্রেসও সরকারের নীতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কোনও কার্যকর পরিকল্পনা নেই।

‘জেন-জি নেপাল’ নামে একটি সংগঠন প্রধানমন্ত্রী বালেন শাহের বিরুদ্ধে জনবিরোধী ও কর্তৃত্ববাদী প্রশাসনের অভিযোগ তুলেছে। সংগঠনের দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বাস্তব পদক্ষেপের অভাব রয়েছে।

এই পরিস্থিতিতে ফের আলোচনায় এসেছে ২০২৩ সালে ব্যবসায়ী প্রেম আচার্যের আত্মাহুতির ঘটনা। সেই সময় কাঠমান্ডুর মেয়র হিসেবে বালেন শাহ ঘটনাটিকে রাষ্ট্রের ব্যর্থতা বলে মন্তব্য করেছিলেন। কিন্তু এবার একই ধরনের ঘটনায় তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান এবং শহর সংস্কারের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন বালেন শাহ। পরে জাতীয় রাজনীতিতে উঠে এসে তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন।

তবে ক্ষমতায় আসার পর কয়েক মাসের মধ্যেই বেকারত্ব ও অর্থনৈতিক সংকট তাঁর সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজের ক্ষোভ সামলাতে প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই তাকিয়ে নেপাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.