বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘মা কালী’ ট্রলার থেকে উদ্ধার হল ৯ জন মৎস্যজীবীর দেহ। টানা আট দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূলের কাছে বাঘেরচরের এলাকা থেকে ডুবন্ত ট্রলারটি উদ্ধার করা হয়। এরপর ট্রলারের ভিতরে তল্লাশি চালিয়ে একে একে মৎস্যজীবীদের দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘মা কালী’ ট্রলার। ৫ জুলাইয়ের পর থেকেই ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।
রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বনদফতর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বাঘেরচরের কাছে ডুবে থাকা ট্রলারের সন্ধান পায়। পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে আসা হয়। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারের ভিতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রলারে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। এখনও ৬ জনের কোনও সন্ধান মেলেনি। নিখোঁজদের সন্ধানে ফের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সমুদ্রে প্রতিকূল আবহাওয়া বা কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়েই শঙ্করপুর থেকে ট্রলার মালিকপক্ষ কাকদ্বীপ ও নামখানায় পৌঁছয়। মৎস্যজীবী সংগঠনের তরফেও একাধিক ট্রলার উদ্ধারকাজে নামানো হয়।
ঘটনাস্থলে পৌঁছন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। তাঁর নির্দেশেই এখানে এসেছি। উদ্ধারকাজ চলছে। এখনও ট্রলারের ভিতরে আরও দেহ থাকতে পারে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে প্রশাসনের পাশাপাশি উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।







