জেলা

একসঙ্গে টিফিন, তারপরই ট্র্যাজেডি! ব্যালকনি থেকে লাফ SBI কর্মীর

চন্দননগরে চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে স্ত্রীর সঙ্গে টিফিন খেয়ে কয়েক মিনিট পরেই বহুতলের ব্যালকনি থেকে ঝাঁপ দেন সৌমেন দে নামে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মী। স্থানীয় ও আত্মীয়দের কথায়, সকাল পর্যন্ত সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। হঠাৎ এমন অঘটন ঘটবে, তা কেউই ভাবতে পারেননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌমেন দে চুঁচুড়ার খাদিনামোড়ে এসবিআইয়ের ক্লার্ক পদে কর্মরত ছিলেন। তিনি চন্দননগরের রথের রোডের একটি অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনে স্ত্রী-সহ থাকতেন। এর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর প্রায় দু’ বছর আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। তাঁর পৈতৃক বাড়ি চন্দননগরের বৈদ্যপোতা এলাকায়।

ঘটনার দিন সকালে স্ত্রীর বাবা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিয়ে কলকাতা ডাক্তার দেখাতে যাওয়ার পরিকল্পনা ছিল। বেরোনোর আগে স্ত্রী-স্বামী মিলে টিফিন সেরে নেন। কিছুক্ষণ পর স্ত্রী বাবাকে নিয়ে বেরিয়ে গেলে একাই ফ্ল্যাটে ছিলেন সৌমেন। তখনই আটতলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন তিনি। শব্দ শুনে ছুটে আসেন আবাসনের অন্য বাসিন্দারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর অশোক গঙ্গোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, “উনি ওই ফ্ল্যাটে একাই ছিলেন। উত্তর দিকের লবি থেকেই ঝাঁপ দেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।”

সৌমেনের মাসতুতো দাদা শোভন শীল বলেন, “কী করে এটা ঘটল, বুঝতে পারছি না। কোনও পারিবারিক সমস্যা বা মানসিক অবসাদ ছিল কি না, তাও জানা নেই।” পুলিশের তদন্তে এই মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.