’
স্বপ্ন ছিল সাদা অ্যাপ্রন গায়ে চাপিয়ে একদিন মানুষের সেবা করবেন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে চলেছিলেন রিয়া কুমারী থাপা। ঘরে সাজানো মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার বই, খোলা নোটবুক আর ভবিষ্যতের পরিকল্পনায় ভরা দেওয়াল আজও সেই লড়াইয়ের সাক্ষী। কিন্তু জীবনের পথচলা থেমে গেল হঠাৎই।
দেরাদুনের প্যাটেল নগর এলাকার চন্দ্রামণি কলোনির বাসিন্দা ২৩ বছরের রিয়া মঙ্গলবার সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। ঘটনাস্থল থেকে একটি সংক্ষিপ্ত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে বাবা-মায়ের উদ্দেশে লেখা ছিল, ‘আই লাভ ইউ মম-ড্যাড’। পাশাপাশি মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথাও উল্লেখ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রিয়া ছিলেন ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের এক প্রাক্তন সেনা সদস্যের কন্যা। পরিবারের আশা-ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য NEET-UG পুনঃপরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি নিজের ঘরেই ছিলেন। দুপুরে খাবারের জন্য ডাকতে গিয়ে কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।
পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন রিয়া। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হয়েছিলেন তিনি। তবে চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে প্রবেশিকা পরীক্ষার চাপ বা প্রত্যাশার ভার তাঁর মানসিক অবস্থার উপর কোনও প্রভাব ফেলেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রিয়ার মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার, প্রতিবেশী ও পরিচিতরা। একই সঙ্গে আবারও সামনে এসেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপ এবং তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্যের প্রশ্ন। একটি ছোট্ট চিরকুটে লেখা কয়েকটি শব্দ যেন আজ অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়েছে সমাজের সামনে—স্বপ্নপূরণের দৌড়ে তরুণ প্রজন্ম কতটা চাপের মধ্যে দিয়ে এগোচ্ছে?







