রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় প্রশাসনিক রদবদল করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। একসঙ্গে ৩৩ জন আইপিএস অফিসারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এই রদবদলের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে আইপিএস সুপ্রতিম সরকারের স্থানান্তর। তাঁকে সিআইডির এডিজি তথা রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে এডিজি, টেলিকমিউনিকেশন পদে পাঠানো হয়েছে, যা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত। তাঁর জায়গায় রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নটরাজন রমেশবাবু। এতদিন তিনি কারা বিভাগের ডিজি পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার নবান্ন থেকে এই বদলির সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বদলির তালিকায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আইপিএস অফিসারের নাম রয়েছে। অভিজ্ঞ পুলিশ আধিকারিক কে. জয়রামনকে এডিজি, উত্তরবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর করা হয়েছে। পশ্চিমাঞ্চলের এডিজি পদ থেকে বিশাল গর্গকে বদলি করে আইবিতে পাঠানো হয়েছে। অন্যদিকে, এতদিন এসটিএফের আইজি হিসেবে দায়িত্বে থাকা প্রবীণ ত্রিপাঠিকে স্থানান্তর করে হোমগার্ড বিভাগের আইজি পদে নিয়োগ করা হয়েছে।







