দেশ

অনশনে শারীরিক অবস্থার অবনতি সোনম ওয়াংচুকের, অনশন ভাঙার আর্জি মহুয়া মৈত্রের

দিল্লির যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের অভিযোগে প্রতিবাদ জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “সরকার আপনার কিংবা দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নয়। কিন্তু আমাদের কাছে আপনার সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। অনুগ্রহ করে অনশন প্রত্যাহার করুন এবং আন্দোলন চালিয়ে যান।”

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রের ভূমিকার প্রতিবাদে যন্তরমন্তরে আন্দোলনে সামিল হয়েছেন সোনম ওয়াংচুক। মঙ্গলবার তাঁর অনশন ১৭তম দিনে পৌঁছেছে। দীর্ঘ সময় খাবার গ্রহণ না করায় তাঁর ওজন প্রায় ৮.২ কেজি কমেছে। আন্দোলনকারী ‘ককরোচ জনতা পার্টি’-র পক্ষ থেকে সোমবার জানানো হয়, সোনমের রক্তে গ্লুকোজের মাত্রা ডেসিলিটার প্রতি ৬৭ মিলিগ্রামে নেমে এসেছে, যা উদ্বেগজনক। পাশাপাশি তাঁর রক্তচাপ রয়েছে ১০৭/৭০। শারীরিক অবস্থার অবনতি হলেও নিজের দাবিতে এখনও অনড় রয়েছেন তিনি।

মহুয়া মৈত্র তাঁর পোস্টে সোনম ওয়াংচুককে ‘স্যার’ বলে সম্বোধন করে লেখেন, এই অনশনের মাধ্যমে তিনি দেশের অসংখ্য যুবক-যুবতীকে ন্যায়বিচারের দাবিতে একত্রিত করতে পেরেছেন। সেই দিক থেকে তাঁর আন্দোলন ইতিমধ্যেই সফলতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সমর্থনে অরুন্ধতী রায়, নাসিরুদ্দিন শাহ-সহ বিশিষ্টরা

সোমবার যন্তরমন্তরের অনশন মঞ্চে গিয়ে সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ান দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত ছিলেন লেখিকা অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ, অর্থনীতিবিদ জয়তী ঘোষ-সহ অনেকে। তাঁরাও সোনমের স্বাস্থ্যের দ্রুত অবনতিতে উদ্বেগ জানিয়ে তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ করেন।

আন্দোলনের সূচনা কীভাবে

নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন শুরু করে ‘ককরোচ’ দল। শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে ছিলেন সোনম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, ২৭ জুনের মধ্যে কেন্দ্র যদি প্রশ্নফাঁসের ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তিনি অনশনে বসবেন। সরকারের তরফে কোনও ইতিবাচক উদ্যোগ না আসায় ২৮ জুন থেকে তিনি আমরণ অনশন শুরু করেন।

আন্দোলনকারী দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সরকারের উদ্দেশে বলেন, “এই বিষয়টিকে অহংকারের লড়াই হিসেবে দেখা উচিত নয়। এখানে একজন মানুষের জীবন ঝুঁকির মুখে। ভুল স্বীকার করা দুর্বলতার পরিচয় নয়, বরং সংশোধনের মানসিকতার বহিঃপ্রকাশ।”

অন্যদিকে, সমর্থকদের উদ্দেশে সোনম ওয়াংচুকের বার্তা ছিল অত্যন্ত সরল। তিনি বলেন, “আমি কোনও মহাত্মা গান্ধী নই, নায়কও নই। আমি একজন সাধারণ মানুষ। নিজের নায়ক নিজেই হন এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করুন।”

আন্দোলনকারী ‘ককরোচ’ দল আগামী ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনকে আরও বৃহত্তর আকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.