ই-২০ পেট্রোলকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক ও সমালোচনা চলছে, সেই আবহেই ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করী। তাঁর দাবি, দেশের রাস্তায় যানজট কমাতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘উড়ন্ত বাস’ বা স্কাই ট্রানজিট ব্যবস্থার দিকে এগোচ্ছে কেন্দ্র।
লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গড়করী জানান, সরকার আধুনিক ও টেকসই পরিবহন প্রযুক্তির প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর আগে তিনি সি-প্লেন চালুর সম্ভাবনার কথা বলেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হাইপারলুপ, কেবল বাস এবং ফিউনিকুলার রেলপথের মতো উন্নত গণপরিবহন প্রকল্প।
এরিয়াল পড ট্রানজিট:
দিল্লি ও আশপাশের এলাকায় স্কাই ট্রানজিট পড সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রযুক্তি চালু হলে গুরুত্বপূর্ণ রুটগুলিতে যানজট অনেকটাই কমবে বলে মনে করছে কেন্দ্র।
ফ্ল্যাশ চার্জিং ইলেকট্রিক বাস:
১৩৫ আসনবিশিষ্ট এক্সিকিউটিভ ক্লাসের অত্যাধুনিক বৈদ্যুতিক বাসের পরীক্ষামূলক ট্রায়াল চলছে। প্রাথমিকভাবে নাগপুরের মতো শহরে এই বাস চালানোর পরিকল্পনা রয়েছে। বাসটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২৯ কিলোমিটার এবং বিশেষ ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডেই এটি পুনরায় চার্জ করা সম্ভব হবে।







