দুর্গাপুজো শুধু উৎসব নয়, বাঙালির আবেগের আরেক নাম। সেই আবেগের সঙ্গেই যদি জড়িয়ে থাকে শতবর্ষের অভিশাপ, তবে গল্পের মোড় কোন দিকে ঘুরবে? এমনই এক রহস্যঘেরা কাহিনি নিয়ে আসছে পরিচালক অভিরূপ ঘোষের নতুন বাংলা ছবি ‘দশমী’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার, আর তাতেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।
প্রথম ঝলকে দেখা যাচ্ছে, কাঁধে এক ছোট্ট মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এক হাতে বন্দুক, পিছনে মা দুর্গার প্রতিমা—এই ব্যতিক্রমী লুকই ইঙ্গিত দিচ্ছে, ছবিটি শুধুমাত্র পারিবারিক গল্প নয়, বরং রহস্য, অলৌকিকতা ও থ্রিলারের এক অনন্য মিশেল।
ছবির কাহিনি আবর্তিত হয়েছে একটি একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে। পারিবারিক অশান্তি, দূরত্ব আর দীর্ঘদিনের দ্বন্দ্বের মধ্যেই পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর্যা এক কঠিন অসুখে আক্রান্ত হয়। চিকিৎসার সব পথ প্রায় বন্ধ হয়ে গেলে শেষ আশ্রয় হিসেবে পরিবার আবার দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানেই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য—প্রায় একশো বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার জেরে এই পরিবারের উপর নেমে এসেছে দেবীর অভিশাপ। সেই থেকে কোনও প্রজন্মই নির্বিঘ্নে দুর্গাপুজো সম্পূর্ণ করতে পারেনি।
এই সংকটের মধ্যেই পরিবারের জীবনে আবির্ভাব ঘটে রহস্যময় এক ব্যক্তির, যার পরিচয় ‘পুরুত’। এই চরিত্রেই অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। আর্যার সঙ্গে তাঁর গড়ে ওঠা সম্পর্ক এবং অতীতের অভিশাপের রহস্য অনুসন্ধানই ছবির মূল আকর্ষণ। তবে তিনি কি সত্যিই একজন সাধারণ পুরোহিত, নাকি তাঁর পরিচয়ের আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য—তার উত্তর মিলবে ছবিতেই।
আবির চট্টোপাধ্যায়ের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, ঐশ্বর্য সেন, লগ্নজিতা দাস, তথাগত মুখোপাধ্যায় এবং অশোক মুখোপাধ্যায়। ছবির কাহিনি লিখেছেন অভিরূপ ঘোষ ও অরিত্র বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় রয়েছে পাণ্ডে মোশন পিকচার্স।
ধর্মীয় আবহ, পারিবারিক টানাপোড়েন, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ে তৈরি ‘দশমী’ আগামী ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে। প্রথম পোস্টারেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। এখন অপেক্ষা ট্রেলার ও মুক্তির দিনের।







