বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আর্জেন্টিনা। আটলান্টায় রুদ্ধশ্বাস এই জয়ের পর সমালোচকদের কড়া জবাব দিলেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই জয় নিন্দুকদের সমস্ত সমালোচনার পথ বন্ধ করে দিয়েছে।
দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন করে লিওনেল স্কালোনির দল। মাত্র সাত মিনিটের ব্যবধানে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলের নেপথ্যেই ছিল মেসির নিখুঁত অ্যাসিস্ট।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “আমরা আর্জেন্টিনীয়রা সবসময় আরও বেশি কিছু চাই। আজ যদি ইংল্যান্ডের কাছে হারতাম, তাহলে অনেকেই বেরিয়ে এসে বাজে কথা বলত। আমরা তাদের সেই সুযোগটাই দিইনি।” পাশাপাশি তাঁর দাবি, ফুটবলীয় দিক থেকে আর্জেন্টিনাই ছিল শ্রেষ্ঠ দল। মেসির কথায়, “আমরা জানতাম ফুটবলের বিচারে আমরা ওদের চেয়ে ভালো দল। এই জয়ের গুরুত্ব আলাদা।”
ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই ফুটবলের বাইরেও এক ঐতিহাসিক আবেগ। ফকল্যান্ড যুদ্ধ থেকে মারাদোনার ‘হ্যান্ড অব গড’— দুই দেশের লড়াই ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। সেই প্রসঙ্গ টেনেও মেসি বলেন, ইতিহাস মাঠে খেলে না, তবে এমন ম্যাচের গুরুত্ব অনেক বেশি। তাই এই জয় দলের কাছে ছিল অত্যন্ত প্রয়োজনীয়।
এই জয়ের সুবাদে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ। ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দু’বার বিশ্বকাপ জয়ের হাতছানি মেসিদের সামনে। রবিবার নিউ জার্সির ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা নতুন ইতিহাস লিখতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।






