১৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। চিকিৎসকদের মতে, দ্রুত খাবার গ্রহণ না করলে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দিল্লি হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, প্রতিটি নাগরিকের জীবন সমানভাবে মূল্যবান। তাই সোনমের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং জীবন রক্ষার জন্য যা যা পদক্ষেপ দরকার, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
সোনম ওয়াংচুকের অনশন ভাঙাতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন সমাজকর্মী রাকেশ কুমার সাইনি। তাঁর দাবি ছিল, সোনমের মৃত্যু হলে তা শুধু দেশের নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করবে। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সোনমের জীবন বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব।
শুনানির সময় কেন্দ্রের হয়ে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সোনমের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কখনও সরকারি চিকিৎসক, আবার কখনও বেসরকারি হাসপাতালের চিকিৎসক তাঁকে পরীক্ষা করছেন। তবে আদালত নির্দেশ দেয়, সরকারি চিকিৎসকদের মাধ্যমেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজন হলে সরকার দ্রুত হস্তক্ষেপ করবে। আদালত পুনরায় জানিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবন অমূল্য।
দিল্লির যন্তরমন্তরে একাই অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার তাঁর অনশন ১৯ দিনে পৌঁছেছে। এদিন তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সেখানে জানানো হয়েছে, তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছেন এবং ২৪ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তাঁর ওজন নেমে এসেছে প্রায় ৫৭ কেজিতে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০০ গ্রাম ওজন কমেছে, আর অনশন শুরুর পর থেকে মোট ওজন কমেছে প্রায় ৮.৯ কেজি। তাঁর রক্তচাপ ১০৫/৭৬ মিমি এইচজি, রক্তে শর্করার মাত্রা ৮০ মিলিগ্রাম/ডেসিলিটার এবং শরীরে অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ। চিকিৎসকদের বক্তব্য, তিনি এখনও সচেতন ও মানসিকভাবে স্থিতিশীল থাকলেও সার্বক্ষণিক চিকিৎসা পর্যবেক্ষণে রাখা অত্যন্ত জরুরি।







