রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষার মান উন্নত করতে বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। ২৩টি জেলার মোট ১২ হাজার ৩০০টি স্কুলকে এই প্রকল্পের আওতায় এনে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি বিস্তৃত ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে।
জেলাভিত্তিক তালিকায় সবচেয়ে বেশি স্কুল রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলার ১,৬৬১টি স্কুল প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে ১,৩৮২টি স্কুল এবং মুর্শিদাবাদে ১,০৭৫টি স্কুল এই তালিকায় জায়গা পেয়েছে। পাশাপাশি বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, বিভিন্ন রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠান এবং বর্ধমান টাউন স্কুলের মতো ঐতিহ্যবাহী স্কুলগুলিও ‘পিএম শ্রী’ (PM SHRI) প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে।
এই প্রকল্পের আওতায় প্রতিটি নির্বাচিত স্কুল সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেতে পারে। সেই অর্থ ব্যবহার করে পরীক্ষাগার আধুনিকীকরণ, খেলার মাঠের উন্নয়ন, শ্রেণিকক্ষ সংস্কারসহ বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হবে। একইসঙ্গে ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্মার্ট ক্লাসরুম ও আধুনিক শিক্ষাসামগ্রীর ব্যবস্থাও করা হবে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা আরও উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ পাবে।
গত কয়েক বছরে সরকারি স্কুলগুলির শিক্ষার মান, শিক্ষক সংকট এবং স্কুলছুটের সংখ্যা বৃদ্ধি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। এর পাশাপাশি অভিভাবকদের একাংশের মধ্যে বেসরকারি স্কুলে সন্তানদের ভর্তি করার প্রবণতাও বেড়েছে। আগের সরকারের আমলে সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল।
সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান আরও উদ্বেগের ছবি তুলে ধরেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭১৫টি। কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯২ হাজার ৮০০-তে। অর্থাৎ, এক বছরের মধ্যেই ৯১৫টি সরকারি স্কুল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সরকার পরিবর্তনের পর সরকারি স্কুলগুলির সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতির বক্তব্য, “ক্রমাগত বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় মাত্র একজন বা দু’জন শিক্ষক দিয়ে স্কুল চলছে। স্কুলগুলিকে টিকিয়ে রাখতে দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা প্রয়োজন।”







