রাজনীতি

সোনম ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় তৃণমূলের ধরনা, কেন্দ্রকে ঘিরে তোপ কুণাল-শোভনদেবের

সোনম ওয়াংচুকের অনশন ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। লাদাখের পরিবেশবিদ ও বিজ্ঞানীর দাবির প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হয় কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, কয়েকদিন আগেই সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার তাঁর সমর্থনেই রাস্তায় নামলেন কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা।

শুক্রবার বিধানসভা প্রাঙ্গণে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেন দলের আটজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, খলিফা আহমেদ এবং অশোক দেব-সহ তৃণমূলের একাধিক পরিচিত মুখ।

‘নেত্রী সম্পূর্ণ পাশে আছেন’, জানালেন কুণাল

ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। নেত্রীর নির্দেশেই আমাদের প্রতিনিধি দল সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করে এসেছে।”

তিনি আরও বলেন, “আমাদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ নিক। শুধু চিকিৎসক দল পাঠালেই হবে না, তাঁর দাবিগুলি নিয়ে আলোচনার জন্য দ্রুত সরকারি প্রতিনিধি পাঠানো উচিত।”

বিধানসভায় বিষয়টি তোলার চেষ্টা শোভনদেবের

এদিন বিধানসভায় ‘পয়েন্ট অফ অর্ডার’-এর মাধ্যমে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেন প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই বিধানসভা অতীতে বহু গণআন্দোলনের পাশে দাঁড়িয়েছে। সোনম ওয়াংচুক একটি ন্যায্য দাবিকে সামনে রেখে আন্দোলন করছেন। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন, একজন পরিবেশবিদ ও বিজ্ঞানী হিসেবে আন্দোলন করছেন।”

কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আজ তাঁর অনশনের ১৯ দিন পার হয়েছে। সরকারের উচিত ছিল অনেক আগেই তাঁর সঙ্গে আলোচনায় বসা। এখন তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহারের পথ খোঁজা উচিত ছিল।”

তিনি আরও সতর্ক করে বলেন, “পরিবেশ ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যিনি আন্দোলন করছেন, তাঁর যদি কোনও অঘটন ঘটে, তাহলে গোটা দেশ তার জন্য ব্যথিত হবে। আমরা তাঁর পাশে রয়েছি, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, তা এখনও দেখা যাচ্ছে না।”

রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোনম ওয়াংচুকের আন্দোলনের পাশে দাঁড়িয়ে একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে ফেলতে চাইছে তৃণমূল, অন্যদিকে কালীঘাটপন্থী শিবিরের এই প্রকাশ্য সক্রিয়তাও বর্তমান রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্য বহন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.