বিনোদন

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনী নয়, বিতর্কের মাঝেই মুখ খুললেন আমির খান

‘বাস্তবের র‍্যাঞ্চো’ হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তাঁর চলমান অনশনকে ঘিরে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, তখন বলিউড অভিনেতা আমির খানের নীরবতা নিয়েও শুরু হয় নানা বিতর্ক। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁকে কটাক্ষ করেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আমির। তাঁর দাবি, ‘থ্রি ইডিয়টস’ তৈরির সময় তিনি বা ছবির নির্মাতারা কেউই সোনম ওয়াংচুককে চিনতেন না। ফলে ছবির ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি তাঁর জীবন অবলম্বনে তৈরি— এমন ধারণা সঠিক নয়।

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবির প্রদর্শনের পর প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে মুখ খোলেন আমির খান। তিনি বলেন, পরিচালক রাজকুমার হিরানি, চিত্রনাট্যকার অভিজিৎ জোশী এবং তিনিও তখন সোনম ওয়াংচুক সম্পর্কে অবগত ছিলেন না। এমনকি ব্যক্তিগতভাবেও তাঁর সঙ্গে কোনও পরিচয় ছিল না। আমিরের কথায়, সম্প্রতি ‘চতুর’ চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যের একটি ভিডিও দেখেছেন, যেখানে তিনি বলেছিলেন ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি সোনমের জীবন থেকে অনুপ্রাণিত। তবে আমিরের মতে, সেই বক্তব্য বাস্তবের সঙ্গে মেলে না। যদিও তিনি এ-ও বলেন, সোনম ওয়াংচুক সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং তাঁর সেই অবদানকে যথাযথ সম্মান জানানো উচিত। তবে সেই সম্মানের জন্য ‘থ্রি ইডিয়টস’-এর সঙ্গে তাঁর নাম জুড়ে দেওয়ার প্রয়োজন নেই।

উল্লেখ্য, কিছুদিন আগে ওমি বৈদ্য একটি ভিডিওবার্তায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দাবি করেছিলেন, ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি তাঁর জীবন থেকেই অনুপ্রাণিত। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আমির খানের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন অনেকে। দীর্ঘ সময় কোনও মন্তব্য না করায় তাঁকে নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল।

এদিকে, সোনম ওয়াংচুকের অনশন শুক্রবার ২০ দিনে পৌঁছেছে। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারের দাবিতে তিনি দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন। চিকিৎসকদের দাবি, দীর্ঘ অনশনের ফলে ইতিমধ্যেই তাঁর প্রায় ৮ থেকে ৯ কেজি ওজন কমেছে। রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও আশঙ্কাজনকভাবে নেমে গিয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমির বলেন, তিনি চান সোনম নিজের স্বাস্থ্যের কথা ভেবে এবার অনশন প্রত্যাহার করুন।

সোনম ওয়াংচুকের আন্দোলনের পাশে ইতিমধ্যেই সরব হয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী অপর্ণা সেন, ঋদ্ধি সেন, স্বরা ভাস্কর, শাবানা আজমি, জিনাত আমন, সোনাক্ষী সিনহাসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অভিনেতা অতুল কুলকার্নি প্রতীকীভাবে একদিনের অনশনেও অংশ নিয়েছেন।

তবে আমির খানের সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। কারণ, অতীতে সোনম ওয়াংচুক নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রে তাঁর জীবনের কিছু ছাপ রয়েছে, যদিও ছবির পুরো গল্প তাঁর বাস্তব জীবনের প্রতিচ্ছবি নয়। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে— চরিত্রটি কি আংশিকভাবে তাঁর জীবন থেকে অনুপ্রাণিত, নাকি সম্পূর্ণ কল্পনার ফসল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.