রাজ্য

SIR-এ নাম নেই মানেই রেশন বন্ধ? বড় বার্তা সুপ্রিম কোর্টের

এসআইআর (SIR) তালিকায় নাম না থাকলেই কি রেশন কার্ড বাতিল হবে? এই প্রশ্ন ঘিরে যখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে কোনও নাগরিককে রেশন বা অন্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

পশ্চিমবঙ্গে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে রাজ্য সরকার বিশেষ যাচাই অভিযান শুরু করেছে। অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু ক্ষেত্রে এসআইআর তালিকাকেই ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। ফলে যাঁদের নাম ওই তালিকায় নেই, তাঁদের রেশন কার্ড বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়।

মামলার শুনানিতে আবেদনকারী মহিবুল্লা মণ্ডলের পক্ষ থেকে দাবি করা হয়, ট্রাইবুনালে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন তাঁর রেশন কার্ড বাতিল না করা হয়। সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট জানায়, ভোটার তালিকায় নাম না থাকলেও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা কেড়ে নেওয়া যায় না।

আদালত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছে। বিচারপতিদের পর্যবেক্ষণ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই কোনও ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যায় না। নির্বাচন কমিশনের ক্ষমতা শুধুমাত্র ভোটার তালিকা তৈরি ও সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ। কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ বা বাতিল করার অধিকার নির্বাচন কমিশনের নেই।

এই পর্যবেক্ষণের পর এসআইআর তালিকাকে ভিত্তি করে রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে প্রশাসনিক সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসে কি না, সেদিকেই নজর সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.