বর্ষা মানেই ডেঙ্গির আতঙ্ক। প্রতি বছরই এই সময় দেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ডেঙ্গি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাঁদের মৃত্যুঝুঁকিও সাধারণ মানুষের তুলনায় বেশি হতে পারে।
সম্প্রতি ইন্টারন্যাশাল জার্নাল অফ ডায়াবেটিস অ্যান্ড টেকনোলজি-তে প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, দীর্ঘদিনের ডায়াবিটিস রোগীদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং রক্তনালিরও ক্ষতি হয়। ফলে ডেঙ্গি ভাইরাসে আক্রান্ত হলে শরীরে অতিরিক্ত প্রদাহজনিত প্রতিক্রিয়া বা ‘সাইটোকাইন স্টর্ম’ হওয়ার আশঙ্কা বাড়ে। এর জেরে ডেঙ্গি হেমোরেজিক ফিভার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং ডেঙ্গি শক সিনড্রোমের মতো প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে।
কেরলের চিকিৎসক ডা. জ্যোতিদেব কেশবদেবের মতে, ভারতে ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবিটিসে ভুগছেন। তাঁদের মধ্যে অনেকেরই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। তাই ডেঙ্গিপ্রবণ এলাকায় বসবাসকারী ডায়াবিটিস রোগীদের অতিরিক্ত সতর্ক থাকার পাশাপাশি প্রতিষেধক নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
এদিকে, ভারতে ডেঙ্গি প্রতিরোধে ‘কিউডেঙ্গা’ (Qdenga) নামে একটি টিকার অনুমোদন মিলেছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা টাকেডা বায়োফার্মাসিউটিক্যালস এই টিকা তৈরি করেছে।
কারা নিতে পারবেন?
৪ থেকে ৬০ বছর বয়সিরা এই টিকা নিতে পারবেন।
আগে ডেঙ্গি হয়েছিল কি না, তা জানার জন্য আলাদা পরীক্ষার প্রয়োজন নেই।
মোট ২টি ডোজ নিতে হবে।
প্রথম ডোজের ৩ মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
প্রতিটি ডোজের পরিমাণ ০.৫ মিলিলিটার।
দাম কত?
বর্তমানে কিউডেঙ্গা টিকার প্রতি ডোজের আনুমানিক মূল্য ৬,০০০ থেকে ১২,০০০ টাকা। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রভেদে এই মূল্য কিছুটা পরিবর্তিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, টিকা নিলেও মশার কামড় এড়াতে সতর্কতা অবলম্বন করা জরুরি। জমে থাকা জল পরিষ্কার রাখা, মশারি ব্যবহার এবং সম্পূর্ণ হাত-পা ঢাকা পোশাক পরার মতো অভ্যাসই ডেঙ্গি প্রতিরোধের প্রথম ধাপ। পাশাপাশি জ্বর, শরীরব্যথা, চোখের পিছনে ব্যথা বা র্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।







