জেলারাজ্য

বর্ধমান থেকে ধৃত দুই যুবক, পাক গোয়েন্দাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে ধৃত দুই যুবকের বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত থাকার বিস্ফোরক অভিযোগ উঠেছে। ধৃতদের নাম রাকেশ গুপ্তা ও মুকেশ রজক। অভিযোগ, ভারতীয় সেনা আধিকারিকদের ‘হানিট্র্যাপ’ করে গোপন তথ্য পাচারের কাজে যুক্ত ছিল তারা।

হাসপাতাল থেকেই নজরবন্দি, তারপর গ্রেফতার
রাকেশ গুপ্তা নামে এক অভিযুক্ত গত ৩০ জুন বর্ধমান থানার উলটো দিকে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিল হার্নিয়ার চিকিৎসার জন্য। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, পেটব্যথা ও বমির উপসর্গ নিয়ে সে এক মেডিসিন চিকিৎসকের অধীনে ভর্তি হয়। ৩ জুলাই সেখানে হাজির হয় STF-এর (বিশেষ টাস্ক ফোর্স) একটি দল। হাসপাতালের ম্যানেজার প্রাণকৃষ্ণ ঘোষ জানিয়েছেন, তাঁরা পুলিশকে আশ্বাস দেন রোগী সুস্থ হয়ে ওঠার পর ছাড়পত্র দেওয়ার আগে থানাকে জানানো হবে। ৪ জুলাই হাসপাতাল থেকে বেরনোর সময়েই তাকে গ্রেফতার করে STF।

গোপনে যোগাযোগ, হোয়াটসঅ্যাপ চালু করে দিত পাক গুপ্তচরদের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা পূর্ব বর্ধমানের মেমারির ঈপ্সিতা অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ঘরে প্রায়শই অনেক লোক যাতায়াত করত এবং রাতেও আড্ডা চলত।

তদন্তকারীদের দাবি, ওই দুই যুবক ভারতীয় মোবাইল নম্বর সংগ্রহ করত বিভিন্ন দোকান থেকে বেনামে সিম কার্ড কিনে। এরপর সেই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপ চালু করতে সহায়তা করত পাকিস্তানি সংস্থাকে, ওটিপি শেয়ার করে।

হানিট্র্যাপে ফাঁসিয়ে তথ্য পাচার গোয়েন্দাদের সূত্র অনুযায়ী, এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলির মাধ্যমেই তারা মহিলা সেজে ভারতীয় সেনা আধিকারিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কথোপকথনের মাধ্যমে বিশ্বাস অর্জন করে সেনার গোপন তথ্য জেনে নেওয়া হত। তারপর সেই তথ্য পৌঁছে যেত পাকিস্তানের কাছে।

এই ঘটনার জেরে গোটা পূর্ব বর্ধমান জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে। পুলিশও খতিয়ে দেখছে, স্থানীয়ভাবে কেউ এই দু’জনকে সাহায্য করছিল কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.