রাজ্য

ট্রলারডুবি ও সিকিম বিপর্যয়ে নিহতদের পরিবারে ৫ লক্ষ টাকা, চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যের দুই পৃথক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় তিনি জানান, গভীর সমুদ্রে ট্রলারডুবি এবং সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্যকে স্থানীয় থানায় সিভিক ভলান্টিয়ার পদে চাকরির সুযোগ দেওয়া হবে।

গত ২ জুলাই শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার নিখোঁজ হয়ে যায়। পাঁচ দিন পর কাকদ্বীপের বাঘেরচরের কাছে উল্টে থাকা অবস্থায় ট্রলারটির সন্ধান মেলে। এখনও পর্যন্ত সেখান থেকে ১১ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। তবে আরও চারজন এখনও নিখোঁজ রয়েছেন। মৃতদের অধিকাংশই হাওড়া, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় এই ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। জবাবে মুখ্যমন্ত্রী গভীর শোকপ্রকাশ করে জানান, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সবরকমভাবে থাকবে এবং দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, সিকিমে নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে গ্যাস লিক ও বিস্ফোরণের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থার সামনে এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গের ভিতরে জমে থাকা জল, কাদা এবং মিথেন গ্যাস। উদ্ধার অভিযানে কয়েকটি দেহের সন্ধান মিললেও প্রতিকূল পরিস্থিতির কারণে সেগুলি এখনও বাইরে আনা সম্ভব হয়নি।

এই ঘটনায় পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর খবর সামনে আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের দুই বিধায়ককে দ্রুত সিকিমে পাঠানোর নির্দেশ দেন। তাঁরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের অগ্রগতি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতির ওপর নজর রাখছেন।

রাজ্যের দুই প্রান্তে ঘটে যাওয়া এই জোড়া বিপর্যয়ে শোকস্তব্ধ গোটা বাংলা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিল রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.