রাজনীতিরাজ্য

দুর্যোগের ক্ষত মুছতে মিরিকে মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস দিলেন গ্রামবাসীদের

উত্তরবঙ্গের পর পর দুর্যোগে বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই ফের উত্তরবঙ্গ সফরে পৌঁছেছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে সরাসরি মিরিক পৌঁছে পায়ে হেঁটে ও গাড়িতে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের হাতে তুলে দেন ত্রাণসামগ্রী। ধসে ভেঙে পড়া বাড়িঘর, বিধ্বস্ত রাস্তা—সব কিছু নিজের চোখে দেখেন মুখ্যমন্ত্রী। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের ঘরে গিয়ে সান্ত্বনা দেন তিনি। আশ্বাস দেন, “দিদি তোমাদের পাশে আছে।”

প্রবল বৃষ্টি আর ভুটানের জল নেমে আসায় বিগত কয়েকদিনে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে উত্তরবঙ্গ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকের। ধস নেমেছে বহু এলাকায়, ভেঙে গিয়েছে বাড়িঘর, সড়ক যোগাযোগ বিপর্যস্ত। এমনকি একই পরিবারের তিনজনের মৃত্যুও হয়েছে বলে খবর। এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়াতেই মঙ্গলবার সকালে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের হাতে সাহায্য তুলে দেন।

মিরিকের রাস্তায় ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি পৌঁছন এক ত্রাণ শিবিরে। সেখানে উপস্থিত শিশুদের হাতে খাতা, পেন্সিল ও খেলনা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “সবকিছু আবার গড়ে তুলব, কেউ একা নয়।”

এর আগে সোমবার নাগরাকাটার বিভিন্ন বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছিলেন তিনি। সেতু, রাস্তা, নদীবাঁধের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণশিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজন করে সদস্যকে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে স্পষ্ট বার্তা—দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে আছে রাজ্য সরকার, আর তাঁর নেতৃত্বে পুনর্গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.