রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ড। সম্প্রতি দুর্গাপুর ধর্ষণ কান্ড নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি , তখনই বেফাঁস বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বললেন , “এসব যুগ যুগ ধরে চলছে।” যা নিয়ে ইতিমধ্যেই উত্তাপ বেড়েছে রাজ্য রাজনীতির।
জনসংযোগ বাড়াতে , রাজ্যজুড়ে বর্তমানে পালিত হচ্ছে বিজয়া সম্মিলনী কর্মসূচী। বারাসাতের রবীন্দ্রভবনে আয়োজিত , বিজয়া সম্মিলনীর কর্মসূচীতে যোগ দিয়েছিলেন বারাসাতের বিধায়ক। অনুষ্ঠান শেষে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের।
আর সেখানেই , দুর্গাপুর কান্ড নিয়ে বলতে গিয়ে , চিরঞ্জিত বলেন , “নারী নির্যাতনের কোনও সমাধান হয় নাকি! যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে চলেছে। সবাই চেষ্টা করে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। রাম রাজ্যে এই ধরনের ঘটনা কম ছিল কি না, তা আমার জানা নেই। কিন্তু, আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি এই ধরনের ঘটনা। আগেও হয়েছে। এখনও হচ্ছে। হয়তো পরেও হবে। কিন্তু, সেটাকে কমানোর উপায় বের করতে হবে।”
উল্লেখ্য , পূর্বেও ধর্ষণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে , মহিলাদের পোশাক নিয়ে বলেছিলেন চিরঞ্জিত। যা নিয়ে , একেবারে বিতর্ক চেপে ধরেছিলো তাঁকে। আর এবার ফের বারাসাতের বিধায়কের মন্তব্যে দানা বাঁধলো বিতর্ক।







