দেশীয় প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পথে গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ওড়িশার উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপে সফলভাবে সম্পন্ন করল ‘কুশ’ (Project Kusha) নামে নতুন প্রজন্মের দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম উড়ান-পরীক্ষা।
ডিআরডিও-র এই প্রকল্পের লক্ষ্য, রাশিয়া থেকে আমদানি করা শক্তিশালী ‘এস-৪০০ ট্রায়াম্ফ’-এর সমতুল্য একটি সম্পূর্ণ দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই প্রকল্পে সংস্থার সহযোগী হিসেবে কাজ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)।
জানা গিয়েছে, ২০২৪ সালে ‘প্রজেক্ট কুশ’ শুরু হওয়ার পর থেকেই দ্রুত গতিতে এর উন্নয়নকাজ চলছিল। সফল পরীক্ষার মাধ্যমে সেই প্রকল্প গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। ভবিষ্যতে এই প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানকে দূর থেকেই শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে।
শুধু ‘কুশ’ নয়, একই সঙ্গে দ্রুত প্রতিক্রিয়াশীল ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল’ (কিউআরএসএএম) প্রকল্পেও বিইএল-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে ডিআরডিও। এই ব্যবস্থা স্বল্প সময়ের মধ্যে শত্রুর আকাশ হামলার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে ডিআরডিও-র প্রযুক্তিগত সহায়তায় তৈরি ‘আকাশতীর’ এয়ার ডিফেন্স সিস্টেমও ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। ‘আকাশতীর’ মূলত স্বল্পপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করার পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধবিমানের গতিবিধি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করতে সক্ষম।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘কুশ’-এর সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে আরও এক বড় পদক্ষেপ। ভবিষ্যতে এই ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হলে দেশের আকাশসীমা সুরক্ষায় নতুন মাত্রা যোগ হবে।







