NEET প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক চাপ ও দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি বার্তাও প্রকাশ করেন।
ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের যুবসমাজই ভারতের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি জানান, দেশের ঐক্য বজায় রাখা এবং পরিস্থিতিকে কোনও দেশবিরোধী শক্তি যাতে কাজে লাগাতে না পারে, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কখনও পিছিয়ে যাননি।
NEET প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছিল। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে একাধিক রাজ্যে ছাত্র-যুবদের আন্দোলন রাজনৈতিক চাপও বাড়িয়ে তোলে। বিরোধী দলগুলিও এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়।
এদিকে, ককরোচ জনতা পার্টি (CJP) দাবি করেছে, তাদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দলের পক্ষ থেকে একে “গণতন্ত্রের জয়” বলে দাবি করা হয়েছে। দলের নেতা অভিজিৎ দীপ বলেন, আন্দোলনের ফলেই এই পদক্ষেপ সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি NEET-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যাকারী পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার-সহ আরও একাধিক দাবি তুলে ধরেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এখন কেন্দ্র সরকার নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের পাশাপাশি NEET প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনতে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর দেশের ছাত্রছাত্রী ও অভিভাবকদের।






