নিজস্ব সংবাদদাতা : তলব পেয়ে মঙ্গলবার ইডি দফতরে না যাওয়ার কথা আগেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ইডিকে চিঠি দিয়ে সেই কথাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি, ঠিক কী কারণে তাঁকে এই তদন্তে তলব করা হল তা নিশ্চিত জানার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ব্যাখ্যাও চান অভিষেক।
ইডিকে লেখা তাঁর চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনও ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। দু’টি বিষয় নিয়ে ব্যস্ততার জেরে আপাতত হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। অতীতেও তদন্ত সহযোগিতা করেছেন তিনি। ভবিষ্যতেও সহযোগিতা করবেন।
উল্লেখ্য, চারদিন পূর্বেই সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বের হন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বেলা প্রায় বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন রুজিরা। দীর্ঘক্ষণ একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই জানা যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ২০ মে তলব করেছিল সিবিআই। বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচি থামিয়ে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। টানা কয়েক ঘণ্টা তাঁকে থাকতে হয় নিজাম প্যালেসে। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, প্রায় ১০-১২ ঘণ্টা তাঁর নষ্ট হল। এইবার ইডির হাজিরা এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দেওয়ার পরবর্তীতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা কী ব্যবস্থা নেয় তা’ই দেখার।







