শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনায় উদ্ধার হল ৫৬ জন যুবতী। বেঙ্গালুরুতে একটি নামী মোবাইল কোম্পানিতে চাকরির টোপ দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থেকে তাঁদের ভিন্ন পথে বিহারে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান রেল পুলিশের।
জানা গেছে, ওই যুবতীদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে তোলা হয়েছিল। কিন্তু সন্দেহের সূত্রপাত হয়, যখন টিকিট পরীক্ষক লক্ষ্য করেন একই কামরায় এত যুবতী, অথচ কারোর কাছেই বৈধ টিকিট নেই। শুধু হাতে লেখা সিট নম্বর ও একটি সিল থাকায় সন্দেহ আরও ঘনিয়ে ওঠে।
অন্যদিকে, রেল পুলিশের কাছে আগে থেকেই একটি বিশেষ সূত্র মারফত পাচারের বার্তা আসে। সেই তথ্যের ভিত্তিতে রেল পুলিশের জিআরপি ও আরপিএফ যৌথ অভিযান চালায়। এর ফলেই সোমবার রাতে এনজেপি স্টেশন থেকে উদ্ধার করা হয় ৫৬ জন যুবতীকে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বিস্ফোরক তথ্য তাদের বলা হয়েছিল বেঙ্গালুরুতে আইফোন প্রস্তুতকারক সংস্থায় চাকরির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারা আদৌ যে পাটনাগামী ট্রেনে উঠেছে, সে ব্যাপারে কিছুই জানত না।
ঘটনার জেরে সন্দেহ আরও ঘনীভূত হয়। তদন্তে উঠে আসে দুই ব্যক্তির নাম একজন কলকাতার জিতেন্দ্র পাসওয়ান, অপরজন শিলিগুড়ির চন্দ্রিকা। ওই ট্রেনেই ছিল তারা। যুবতীদের তরফে এই দুই ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ ওঠে। রেল পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায়, দু’জনকেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি নারী পাচারের একটি পরিকল্পিত চক্রের অংশ। ধৃতদের কাছ থেকে পাচার চক্রের আরও তথ্য পাওয়ার আশায় চলছে দফায় দফায় জেরা।







