দেশ

ইদের আগে গোহত্যা বন্ধে কড়া আইন চাইলেন আজমেঢ় শরিফের ধর্মগুরু

গো-হত্যার অভিযোগকে কেন্দ্র করে মুসলিমদের উপর গণপিটুনির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আজমেঢ় শরিফ দরগার প্রধান মৌলবি সৈয়দ সারেয়ার চিস্তি। তাঁর দাবি, গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোক। পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, দেশজুড়ে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি ধর্মীয় উৎসবে বলিদানের উদ্দেশ্যে গরু বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হোক। একইসঙ্গে গোমাংস রপ্তানিও বন্ধের দাবি তুলেছেন তিনি।

আগামী ২৮ মে দেশজুড়ে পালিত হবে ইদ-উল-আজহা। এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রকাশ্যে গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই আবহে চিস্তির মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্য, হিন্দু সমাজে গরুর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। তাই গরুকে যথাযথ মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সংসদের বিশেষ অধিবেশন ডেকে গরুকে জাতীয় পশু ঘোষণার জন্য আইন আনার আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে কোন রাজনৈতিক দল এই প্রস্তাবকে সমর্থন করছে বা বিরোধিতা করছে, সেটাও দেশের মানুষের জানা দরকার বলে মত তাঁর।

চিস্তির দাবি, এই বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখা উচিত। তাঁর মতে, মুসলিম সমাজও এমন উদ্যোগকে ইতিবাচকভাবেই গ্রহণ করবে।

দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে বহু মানুষ গরু বা অন্যান্য গবাদি পশুকে রাস্তায় ছেড়ে দেন বলেও অভিযোগ করেন তিনি। রাস্তায় ঘুরে বেড়ানো সেই পশুরা প্লাস্টিক ও আবর্জনা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিও জানিয়েছেন চিস্তি। একইসঙ্গে এতদিন ক্ষমতায় থাকার পরও কেন্দ্র কেন এ বিষয়ে কার্যকর কঠোর ব্যবস্থা নেয়নি, তা নিয়েও বিজেপিকে প্রশ্নের মুখে ফেলেছেন তিনি।

উল্লেখ্য, গত এক দশকে গোরক্ষার নামে একাধিক স্বঘোষিত সংগঠনের বিরুদ্ধে হিংসা ও তাণ্ডবের অভিযোগ উঠেছে। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ বিরোধীদের। দাদরিতে গোমাংস রাখার সন্দেহে মহম্মদ আখলাককে পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে গরু পরিবহণের অভিযোগে বহু মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। অন্যদিকে, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগও তুলেছে বিভিন্ন সংগঠন। এই পরিস্থিতিতে চিস্তির মত, গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দিয়ে গোহত্যা বন্ধ করা গেলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.