কলকাতা

ছাত্র আন্দোলনের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ ! ধর্মতলায় এবিভিপির প্রতিবাদ মিছিল

নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে দেশজুড়ে চলা আন্দোলনের আবহে এবার রাজপথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ছাত্র আন্দোলনের নামে দেশবিরোধী শক্তি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলে শিক্ষা, সংস্কৃতি ও জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে মিছিল করে বিজেপি-ঘনিষ্ঠ এই ছাত্র সংগঠন।

মঙ্গলবার শিয়ালদহ ও হাওড়া থেকে এবিভিপির কর্মী-সমর্থকেরা ধর্মতলায় সমবেত হন। জাতীয় পতাকা হাতে নিয়ে তারা প্রতিবাদ মিছিল করেন। সংগঠনের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের আড়ালে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও অংশ নেন।

মিছিলে উপস্থিত এক অংশগ্রহণকারী বলেন, “আগেও প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটেছে। আমরা কোনওভাবেই সেগুলিকে সমর্থন করি না। কিন্তু সেই ঘটনাকে সামনে রেখে যেভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি।”

প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের ‘সংসদ চলো’ অভিযানে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রভাব কলকাতাতেও পড়ে। ধর্মতলায় বিভিন্ন বামপন্থী সংগঠনের ডাকা একটি মিছিল ঘিরে অশান্তির সৃষ্টি হয় এবং কয়েকজন সাংবাদিক নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। ওই ঘটনায় গুন্ডাদমন আইনে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ এবং সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানাতেই এবার ধর্মতলার রাজপথে মিছিল করল এবিভিপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.