আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দীর্ঘদিন ধরে একটি বিবাদ চলে আসছে, দিয়েগো মারাদোনা ( Diago Maradona), না লিয়োনেল মেসি (Lionel Messi)! কে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার? অনেকের মতে এত দিন সেই লড়াইয়ে মারাদোনা এগিয়ে ছিলেন। কিন্তু অনেকেই বললেন এ বার বিশ্বকাপ জিতে মেসি সমান সমান করে নিয়েছেন। লিয়োনেল স্কালোনি ( Lionel Skalloni) এবার সেই বিবাদে ঢুকে পড়লেন। আর্জেন্টিনার ফুটবল কোচ জানিয়ে দিলেন, তাঁর মতে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসি।
একটি স্প্যানিশ রেডিয়ো স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনিকে মারাদোনা-মেসি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, “যদি আমাকে এক জনকে বেছে নিতে হয় তা হলে আমি লিয়োকে বাছব। কারণ, ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। মারাদোনা খুব ভাল ফুটবলার। কিন্তু সর্বকালের সেরা ফুটবলার মেসি।”
মারাদোনা স্কালোনিকে খুব একটা পছন্দ করতেন না। তিনি যখন আর্জেন্টিনার কোচ হন তখন মারাদোনা লিয়োনেল স্কালোনিকে ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা করেছিলেন। স্কালোনি কিন্তু কোন দিনও নিজের মুখে মারাদোনাকে কিছু বলেননি। বিশ্বকাপ জেতার পরেও তিনি কোন জবাব দেননি। তবে এ বার স্কালোনি মারাদোনাকে নিয়ে মুখ খুললেন। তিনি মেসিকে এগিয়ে রাখলেন।
অনেকেই বড় ফুটবলারদের কোচিং করাতে গিয়ে সমস্যায় পড়েন। রোনাল্ডোর সঙ্গে পর্তুগাল কোচের প্রকাশ্যে বিবাদ দেখা গিয়েছে। তার জেরে কোচের চাকরি গিয়েছে। মেসিকে কোচিং করানোও কি কঠিন? স্কালোনির কথায়, “একেবারেই নয়। মেসিকে দক্ষতা শেখানোর কোনও জায়গা নেই। কিন্তু ওকে নিজের পরিকল্পনা বলা যায়। ও কোচের কথা শোনে। সতীর্থদের কথা শোনে। তার পরে মাঠে নেমে নিজের কাজটা করে।”







