খেলাধুলা

কলকাতার বাইরে ডার্বির আবেগ, প্রাক্তনদের লড়াইয়েও জ্বলে উঠল মশাল

কলকাতার বাইরে ডার্বির উত্তাপ! যুবভারতীর পর এবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফের মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন তারকারা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত এম এল সাহা মেমোরিয়াল লেজেন্ডস কাপে রবিবার বিকেলে জমে উঠল লাল-সবুজ বনাম লাল-হলুদের ঐতিহ্যবাহী লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা শট মেরে ম্যাচের সূচনা করেন। মাঠে নামার আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে-সহ একাধিক বিশিষ্টজন।

সাত দশকের পুরনো এই প্রতিদ্বন্দ্বিতা এবারও দর্শকদের হতাশ করল না। ৭০ মিনিটের খেলায় গোল না হলেও মাঠের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৫-৪ গোলে মোহনবাগান লিজেন্ডসকে হারিয়ে ট্রফি জিতল ইস্টবেঙ্গল লিজেন্ডস। পুরনো তারকাদের পায়ে ফুটে উঠল একসময়ের উজ্জ্বল ঝলক, উন্মাদনা ছড়াল দর্শক গ্যালারিতে। উপচে পড়া স্টেডিয়াম যেন প্রমাণ করে দিল—ত্রিপুরায় ফুটবল এখনও আবেগ, এখনও মানুষের হৃদয়ের সবচেয়ে কাছের খেলা।

মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, রাজ্যে প্রতিভার অভাব নেই, দরকার শুধু সুযোগ ও পরিকাঠামো। সেই লক্ষ্যেই সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো বড় ক্লাবের খেলোয়াড়দের উপস্থিতি ত্রিপুরার তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে।

খেলা শেষে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। মশালের জয়োল্লাসে শেষ হল সন্ধ্যা, আর আগরতলা পেল নতুন এক স্মরণীয় ডার্বির সাক্ষী হওয়ার আনন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.