খেলাধুলা

বাকিংহাম প্যালেসের সামনে বাইশ গজে উইলিয়াম, সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ রাজপুত্র

পেছনে ঐতিহাসিক বাকিংহাম প্যালেস। তার সামনেই তৈরি হয়েছিল অস্থায়ী ক্রিকেটের পিচ। আর সেই বাইশ গজেই ব্যাট-বল হাতে নেমে পড়লেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। তাঁর সঙ্গী ছিলেন বিশ্বক্রিকেটের একাধিক তারকা—সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা এবং জেমস অ্যান্ডারসন। মঙ্গলবার লন্ডনের রাজপথে কার্যত বসেছিল তারকার মেলা। শুধু ক্রিকেট খেলেই থামেননি প্রিন্স অফ ওয়েলস, ম্যাচ শেষে দর্শকদের সামনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসাতেও মুখর হন তিনি।

বাকিংহাম প্যালেসের বাইরে আয়োজিত এই বিশেষ ক্রিকেট ইভেন্টের নাম ছিল ‘ক্রিকেট অন দ্য মল’। মুম্বইয়ে আয়োজিত হতে চলা ‘আর্থশট প্রাইজ’-এর প্রচারই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সেই উপলক্ষে একই মঞ্চে দেখা যায় ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকাদের। সৌরভ, লারা ও অ্যান্ডারসনের পাশাপাশি মাঠে ছিলেন ভারতের অজিঙ্ক রাহানে এবং ইংল্যান্ডের জো রুটও। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে কথাবার্তাও বলতে দেখা যায় উইলিয়ামকে। সেখানেই সৌরভকে নিয়ে অকপট প্রশংসা করেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ককে ‘অন্যতম সেরা ক্রিকেটার’ বলে অভিহিত করেন প্রিন্স উইলিয়াম।

এদিকে, আইপিএলে নতুন দায়িত্ব পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে পরামর্শদাতা হিসেবে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা। পরবর্তীতে পুরুষ ও মহিলা—দুই দলেরই ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব সামলেছেন তিনি। গত মরশুমে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দিল্লিরই সহযোগী ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ ছিলেন সৌরভ। এবার আইপিএলের মূল দলের কোচিংয়ের দায়িত্ব তাঁর কাঁধে।

নতুন দায়িত্ব নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ‘দাদা’। ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত বিবৃতিতে সৌরভ জানিয়েছেন, আইপিএলে হেড কোচের দায়িত্ব নেওয়ার জন্য তিনি অত্যন্ত আগ্রহী। দিল্লি ক্যাপিটালস তাঁর কাছে অত্যন্ত কাছের একটি ফ্র্যাঞ্চাইজি বলেও উল্লেখ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে এবং মালিকপক্ষ, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে কাছ থেকে কাজ করার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। তাঁর মতে, নতুন দায়িত্ব অত্যন্ত রোমাঞ্চকর। দলের হাতে প্রতিভাবান ক্রিকেটারদের একটি শক্তিশালী দল রয়েছে এবং সাম্প্রতিক সময়েও ভালো ক্রিকেট খেলেছে দিল্লি। নতুন মরশুমে ক্রিকেটারদের সঙ্গে কাজ করে একটি শক্তিশালী ও ভয়ডরহীন দল তৈরি করাই তাঁর লক্ষ্য।

উল্লেখ্য, জিএমআর এবং জেএসডব্লিউ—দুই গোষ্ঠী যৌথভাবে দিল্লি ক্যাপিটালসের মালিক। চুক্তি অনুযায়ী, প্রতি দু’বছর অন্তর ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্ব এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর হাতে যায়। ২০২৬ সালে জিএমআর-এর মেয়াদ শেষ হওয়ায় এবার ফের দায়িত্ব নিয়েছে জেএসডব্লিউ। দায়িত্ব নিয়েই সৌরভকে হেড কোচ করার পাশাপাশি পুরনো অধিনায়ক ঋষভ পন্থকেও দলে ফিরিয়েছে তারা। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে হাই-প্রোফাইল ট্রেডের মাধ্যমে কুলদীপ যাদবকে ছেড়ে পন্থকে ফের দিল্লিতে নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি।

সৌরভের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়ে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দালও। তাঁর বক্তব্য, সৌরভ দীর্ঘদিন ধরেই দিল্লি ক্যাপিটালস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের অন্যতম সফল অধিনায়ক এবং দক্ষ প্রশাসক এবার হেড কোচ হিসেবে দলের দায়িত্ব নিচ্ছেন—এই ঘোষণা তাঁর কাছে অত্যন্ত গর্বের। সৌরভের দূরদর্শী নেতৃত্ব ও পরামর্শে দিল্লি ক্যাপিটালস আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে নিজেদের সেরা প্রস্তুতি নেবে বলেও আশাবাদী পার্থ জিন্দাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.