দেশ

কৃষ্ণসাগরে যুদ্ধের মাঝেই আটকে ১৩ ভারতীয় নাবিক, চরম উদ্বেগে পরিবার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এবার কৃষ্ণসাগরে বিপদের মুখে পড়েছেন ১৩ জন ভারতীয় নাবিক। ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরের কাছে একটি কার্গো জাহাজে তাঁরা দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছেন। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে তাঁদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে—যে কোনও সময় হামলার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে তাঁদের।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। বর্তমানে সংঘাতের বড় অংশই কৃষ্ণসাগরকে ঘিরে। সেখানে নিয়মিতভাবে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতেই ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে নোঙর করে রয়েছে ‘এমভি আমির’ নামের একটি কার্গো জাহাজ। ওই জাহাজে মোট ১৫ জন নাবিক রয়েছেন, যার মধ্যে ১৩ জনই ভারতীয়। তাঁদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে।

জানা গিয়েছে, জাহাজটির আশপাশে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। ফলে জাহাজে থাকা নাবিকরা চরম মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করার জন্য ভারত সরকার, জাহাজের মালিকপক্ষ এবং যে দেশের পণ্য জাহাজে রয়েছে, সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই জাহাজের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক বা সংশ্লিষ্ট শিপিং সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, ইউক্রেনের দক্ষিণ উপকূল এলাকায় সম্প্রতি হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সপ্তাহে কৃষ্ণসাগরে একটি হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর সোমবার ইউক্রেনে নিযুক্ত রাষ্ট্রদূত ওলেক্সান্দর মিকোলায়োভিচ পোলিশচুককে তলব করে ভারত সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.